সহজ ম্যাচ কঠিন করে জিতলেন জ্যোতিরা

সহজ ম্যাচ কঠিন করে জিতলেন জ্যোতিরা

ফন্ট সাইজ:

রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামের আন্তর্জাতিক ক্রিকেট অভিষেকের দিনে জয় পেলো বাংলাদেশ। আজ সফরকারী শ্রীলঙ্কা মেয়েদের ৩ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো নিগার সুলতানা জ্যোতির দল। ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নাটকীয়তার সৃষ্টি হলেও শেষ হাসি হেসেছে স্বাগতিকরাই। আগামী বুধবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

রাজশাহীর এই ভেন্যুতে এর আগে বয়সভিত্তিক ম্যাচ হলেও জাতীয় পর্যায়ে (পুরুষ বা নারী) এটিই ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ঐতিহাসিক এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সফরকারী শ্রীলঙ্কা। ইমেশা দুলানির ৫২ ও হানসিমা করুনারত্নের ৫৪ রানের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রান সংগ্রহ করে লঙ্কানরা। বাংলাদেশের পক্ষে রিতু মনি ৩৬ রানে ৩টি এবং নাহিদা আক্তার ৩৮ রানে ২ উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৪ রানের মাথায় দুই ওপেনার শারমিন সুলতানা ও অভিষেক হওয়া জুয়াইরিয়া ফেরদৌসকে হারায় স্বাগতিকরা। জুয়াইরিয়া ৫ রানে সাজঘরে ফেরেন। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও (১৩) দ্রুত বিদায় নিলে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে টাইগ্রেসরা। চতুর্থ উইকেটে সোবহানা মুশতারিকে নিয়ে ৮৭ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন শারমিন আক্তার। ৪১ রান করে সোবহানা রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লে স্বর্ণা আক্তারকে নিয়ে আরও ৭৮ রান যোগ করেন শারমিন। জয়ের খুব কাছে গিয়ে শারমিন আক্তার ৮৬ রানের মহাকাব্যিক ইনিংস খেলে বিদায় নেন।

জয়ের জন্য যখন মাত্র ৭ রান দরকার, ঠিক তখনই নাটকীয় মোড় নেয় ম্যাচ। মাত্র ১১ বলের ব্যবধানে ১ রানের ভেতর ৪ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে বাংলাদেশ। ৪৪.৩ ওভার থেকে ৪৬.১ ওভারের মধ্যে আউট হন শারমিন, স্বর্ণা (৩৫), রিতু মনি (০) ও রাবেয়া (১)। শেষ পর্যন্ত ৯ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের দল। ম্যাচসেরা হন শারমিন আক্তার।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন