আর্সেনালের শিরোপা স্বপ্নে ধাক্কা ম্যান সিটির

ইংলিশ প্রিমিয়ার লীগ

আর্সেনালের শিরোপা স্বপ্নে ধাক্কা ম্যান সিটির

ফন্ট সাইজ:

ইত্তিহাদ স্টেডিয়ামের গ্যালারিতে দেখা গেল বিশাল এক ব্যানার। সেখানে লেখা, ‘প্যানিক অন দ্য স্ট্রিটস অব লন্ডন’। আজকের ম্যাচশেষে লন্ডনের রাস্তায় সত্যিই প্যানিক করার কথা আর্সেনাল ভক্তদের। ইংলিশ প্রিমিয়ার লীগের চলতি মৌসুমের অলিখিত ফাইনালে জয় তুলে নিলো ম্যানচেস্টার সিটি। আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে সিটিজেনদের জয় ২-১ গোলে। এ জয়ে ৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে সিটি। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৭০ পয়েন্ট নিয়ে চূড়ায়। অর্থাৎ, পরের বার্নলি ম্যাচে জয় তুলে নিতে পারলেই শীর্ষে উঠে যাবে সিটি।

খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ চালায় দুদল। ষোড়শ মিনিটে এক জাদুকরী ড্রিবলিংয়ে গ্যাব্রিয়েল ও পিয়েরো হিনকাপিকে কুপোকাত করেন রায়ান চেরকি। ডি-বক্সে নিখুঁত ফিনিশিংয়ে সিটিকে এগিয়ে নেন এই ফরাসি তরুণ। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট দুয়েকের মধ্যেই স্বাগতিকদের গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার এক অমার্জনীয় ভুলে সমতায় ফেরে আর্সেনাল। কাই হাভার্টজের গায়ে লেগে বল জড়ায় জালে। বিরতির পর দুদলই একবার করে গোলপোস্টে বল মারলে ম্যাচের উত্তেজনা চরমে পৌঁছায়।

ম্যাচের ভাগ্য যখন ড্রয়ের দিকে এগোচ্ছে, তখনই আবির্ভাব সিটির গোলমেশিন আর্লিং ব্রুট হালান্দের। বক্সের ভেতর দুর্দান্ত ক্ষিপ্রতায় বল জালে জড়িয়ে ইত্তিহাদকে উল্লাসে ভাসান এ নরওয়েজিয়ান তারকা। তবে আজকের জয়ের নেপথ্য কারিগর ছিলেন মৌসুম শেষে বিদায় নিতে যাওয়া অধিনায়ক বার্নার্দো সিলভা। ম্যাচের শেষ দিকে গানারদের এক বিপজ্জনক পাল্টা আক্রমণ ঠেকাতে প্রায় ৫০ গজ দৌড়ে এসে দলকে বাঁচান তিনি তিনি।

ম্যাচ শেষে আর্সেনাল কোচ মিকেল আর্তেতার চোখেমুখে ছিল কেবলই হতাশা। শেষ মুহূর্তে গোলপোস্টের একদম সামনে থেকে হাভার্টজের হেড লক্ষ্যে থাকলে ফল অন্যরকমও হতে পারতো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন