বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু

১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফন্ট সাইজ:

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দাখিল করা প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত। ২২ জনকে অভিযুক্ত করে সিআইডি’র দেয়া অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক জিন্নাত আলী বলেন, মামলায় ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়েছেন এবং ১৩ জন পলাতক। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আগামী ১৯শে মে গ্রেপ্তারি পরোয়ানা তামিল প্রতিবেদন দাখিলের দিন রেখেছেন আদালত।
পরোয়ানা প্রাপ্তরা হলো- আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের স্বত্বাধিকারী মো. রমজানুল হক নিহাদ, মেজবানিখানা রেস্তরাঁর স্বত্বাধিকারী লতিফুর নেহার, খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ ও অঞ্জন কুমার সাহা, অ্যামব্রোশিয়া রেস্তরাঁর স্বত্বাধিকারী মো. মুসফিকুর রহমান, পিৎজা ইন রেস্তরাঁর স্বত্বাধিকারী জগলুল হাসান, স্ট্রিট ওভেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আশিকুর রহমান ও হোসাইন মোহাম্মদ তারেক, ফুকো রেস্তরাঁর স্বত্বাধিকারী রাসেল আহম্মেদ, মো. সাদরিল আহম্মেদ শুভ, আদিব আলম, রাফি উজ-জাহেদ ও শাহ ফয়সাল নাবিদ। আসামিদের মধ্যে ৯ জন জামিনে রয়েছেন। তারা হলো- কাচ্চি ভাই রেস্তরাঁর ব্যবস্থাপক জেইন উদ্দিন জিসান, কাচ্চি ভাই, খানাজ ও তাওয়াজ রেস্তরাঁর স্বত্বাধিকারী মো. সোহেল সিরাজ, জেস্টি রেস্তরাঁর মোহর আলী পলাশ ও মো. ফরহাদ নাসিম আলীম, চায়ের চুমুক কফিশপের স্পেস মালিক ইকবাল হোসেন কাউসার, ফুকো রেস্তরাঁর স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মতিন, ভবনের ষষ্ঠ তলার ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম খান, আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপক মুন্সি হামিমুল আলম বিপুল ও চায়ের চুমুক কফিশপের স্বত্বাধিকারী আনোয়ারুল হক।
গত ২রা এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি’র পরিদর্শক মো. শাহজালাল মুন্সি এ মামলায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ২০২৪ সালের ২৯শে ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। এতে আগুনে পুড়ে ৩ জন এবং ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ৪৩ জন মারা যান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন