২০০৪ সালে রাজশাহীতে ১৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়াম নির্মাণ করা হয়। সেই বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপপর্ব হয় এই মাঠে। ২০১০ সালে সাফ গেমস ক্রিকেটের চারটি ম্যাচ আয়োজনের পর লম্বা সময় ধরে এখানে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়ায়নি। ১৩ বছর পর ২০২৩ সালে এই মাঠে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার তিন ওয়ানডে ও এক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ হয়। এবার বাংলাদেশের মেয়েদের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রাজশাহীতে শ্রীলঙ্কার নারী ক্রিকেট দল। ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে এটি রাজশাহীর মাটিতে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে সিরিজ। দু’দলের মধ্যকার প্রথম ওয়ানডে শুরু সকাল সাড়ে ৯টায়। একই মাঠে সিরিজের বাকি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২২ ও ২৫শে এপ্রিল। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে দুইমাসও বাকি নেই। তার আগে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলে নিজেদের প্রস্তুত করবে টাইগ্রেসরা। যার শুরুটা হচ্ছে ওয়ানডে দিয়ে। আর এ ম্যাচ দিয়ে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যাত্রা শুরু করছে টাইগ্রেসরা। অন্যদিকে গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যাত্রা শুরু করে শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারায়। ৪ পয়েন্ট দিয়ে ১১ দলের মধ্যে তালিকার চারে আছে শ্রীলঙ্কা। দলের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘এটা আমাদের এফটিপির প্রথম দ্বিপক্ষীয় সিরিজ। তাই প্রতিটি খেলা গুরুত্বপূর্ণ। ওই জিনিস চিন্তা করে শক্তিশালী দল ঘোষণা করা হয়েছে। সিরিজের আগে আমরা বিকেএসপিতে ক্যাম্প করেছি। ওখানে অনেক ভালো প্রস্তুতি ছিল।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু বিবেচনায় রাজশাহীতে খেলতে এসেছেন জ্যোতিরা। এ ব্যাপারে টাইগ্রেস অধিনায়ক বলেন, ‘যেহেতু আমরা ইংল্যান্ড যাবো, সেখানে উইকেটগুলো ব্যাটিংবান্ধব হয়। এ কারণে আমরা ব্যাটিংবান্ধব উইকেট চেয়েছি। যেখানে ব্যাটাররা রান করতে পারবে। কারণ, রান করার অভ্যাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় উইকেটে জন্য হয় না। আমার কাছে মনে হয়, রাজশাহীর উইকেট যেভাবে রিয়েক্ট করে সেটা ব্যাটারদের জন্য ভালো। আমি চাইবো দুইপক্ষ থেকে অনেক রান হোক।’ রাজশাহীতে ক্রিকেট ফেরায় খুশি জ্যোতিরা। এ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা খুশি, অন্তত আমরা শুরু করতে পারছি। কিছু সুযোগ-সুবিধা যোগ করলে ভবিষ্যতে এখানে আরো ম্যাচ দেখতে পাবো।’ রাজশাহীতে এখন প্রচণ্ড গরম। আবহাওয়ার পূবার্ভাস বলছে, ম্যাচ ভেন্যুতে আজ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বাতাসের আদ্রতা থাকবে ৪৬%। এই পরিস্থিতিতে কন্ডিশন নিয়ে তেমন ভাবনা নেই বাংলাদেশের। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমরা জানি, রাজশাহীতে অনেক গরম থাকে। এখানে দলের সবার ঘরোয়া ত্রিকেট খেলার অভ্যাস আছে। আমার কাছে মনে হয় না কন্ডিশন বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে।’ শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আথাপাত্তু বলেন, ‘পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রতিটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ঘরের মাঠে খেলছে। তাদের নিজস্ব প্ল্যান রয়েছে। শ্রীলঙ্কার কন্ডিশনের সঙ্গে বাংলাদেশের খুব বেশি পার্থক্য নেই। মনে হচ্ছে, ব্যাটিংকবান্ধব উইকেট হবে। আশা করছি, আমরা বেশি রান করতে পারবো এবং ভালো ফাইট দেবো।’ ২০১১ সালে সর্বশেষ নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলেছিল শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। তার আগে ২০০৯ সালে মেয়েদের ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের মাটিতে এই প্রথম ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারীরা। দু’দলের মধ্যকার শেষ চার ম্যাচের তিনটিতে জয় শ্রীলঙ্কার। এক ম্যাচ পরিত্যক্ত হয়। রাজশাহীতে ওয়ানডে সিরিজ খেলে দুই দলই যাবে সিলেটে। সেখানে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৮ ও ৩০শে এপ্রিল এবং ২রা মে ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট
এফটিপি’র শুরুর সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি জ্যোতিরা
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
২০ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
