আন্তর্জাতিক ক্রিকেটে অবদান রাখায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে সম্মাননা পাবেন পেসার রুবেল হোসেন। বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে রুবেলের হাতে সম্মাননা স্মারক তুলে দেবে বিসিবি। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান রুবেল। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় অবসরে যাওয়ার আগে মাঠ থেকে বিদায় নিতে পারেননি তিনি। আর সে কারণেই তাকে এবার মাঠ থেকে বিদায় দেয়ার পরিকল্পনা করেছে বিসিবি। ২০২১ সালে শেষবার দেশের হয়ে খেলেন রুবেল। এরপর ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে ছিলেন না। ২০০৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর বাংলাদেশের হয়ে ২৭ টেস্ট খেলেছেন রুবেল। ৪৪ ইনিংসে বোলিং করে তিনি শিকার করেছেন ৩৬ উইকেট। ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ইনিংসে ১৬৬ রানে ৫ উইকেট, আর ম্যাচে ২১০ রানে ৫ উইকেট। টেস্টে ফাইফার পেয়েছেন একবার। তার বোলিং গড় প্রায় ৭৭ এবং স্ট্রাইকরেট ১১৭। টেস্টের চেয়ে রঙিন পোশাকে রুবেলের পারফরম্যান্স ভালো ছিল। ১০৪ ওয়ানডে খেলে ১০২ ইনিংসে বোলিং করে ১২৯ উইকেট পেয়েছেন তিনি। তার বোলিং গড় প্রায় ৩৪, ইকোনোমি ৫.৬৭ এবং স্ট্রাইকরেট ৩৬.২। এই সংস্করণে তার ক্যারিয়ার সেরা বোলিং ২৬ রানে ৬ উইকেট। টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ২৮ উইকেট। যেখানে ওভার প্রতি তিনি রান খরচ করেছেন ৯.৪৫। তার সেরা বোলিং ফিগার ৩১ রানে ৩ উইকেট।
রুবেলকে আজ সম্মাননা স্মারক তুলে দেবে বিসিবি
স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
