ঢাকা প্রিমিয়ার লীগের দলবদলের প্রথম দিনে দল পাননি টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস ও ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। গতকাল দলবদলের দ্বিতীয় দিনে দু’জনেই দল পান। জাতীয় দলের দুই অধিনায়ককে দলে ভিড়িয়ে চমকে দেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। গত আসরে শেষ সময়ে দল পান লিটন। খেলেন গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে। আর মোহামেডান ছেড়ে এবার রূপগঞ্জে ঠাঁই হলো মিরাজের। গত আসর শেষে দলের সব ক্রিকেটারকে ছেড়ে দেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। এ কারণে ক্লাবটিকে এবার দল গোছাতে বেগ পেতে হয়েছে। কিছুদিন আগেও লীগে অংশ না নেয়ার ঘোষণা দেন ক্লাবটির কর্ণধার লুৎফুর রহমান বাদল। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুরোধে দল গঠনে রাজি হন। এ প্রসঙ্গে বাদল বলেন, ‘ক্রীড়া প্রতিমন্ত্রী ও তামিম ইকবালের অনুরোধেই এসেছি। আশা করি, দুই আইকনকে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে থাকবো। লিটন-মিরাজরা চলে গেলে জাতীয় দলের আরো যেসব খেলোয়াড় আছে ওদের কেউ অধিনায়কত্ব করবে। ওরা নিজেরাই ঠিক করে নেবে কে অধিনায়ক হবে (হাসি)।’ প্রথমবারের মতো লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলা মিরাজ জাতীয় দলের ব্যস্ততায় দলটির হয়ে পুরো আসরে খেরতে পারবেন না। যে কটি ম্যাচে সুযোগ পাবেন সেগুলো কাজে লাগাতে চান টাইগারদের ওয়ানডে অধিনায়ক। দল নিয়েও খুশি মিরাজ, আশাবাদী এবারের প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হবে রূপগঞ্জ। মিরাজ বলেন, ‘প্রথমবার লিজেন্ডস অব রূপগঞ্জে খেলবো। ক্লাব ক্রিকেটে বাদল ভাইয়ের অবদান অনেক। তার দলে জাতীয় দলের অনেকে খেলেছে। দল অনেক ভালো হয়েছে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো। জাতীয় দলে একসঙ্গে তো অনেক খেলেছি, কিন্তু ক্লাব ক্রিকেটটা আলাদা। এখানে মানিয়ে নেয়ার বিষয় থাকে। বন্ডিং ঠিক রেখে খেলতে পারলে আমরা চ্যাম্পিয়ন হবো।’ জাতীয় দলে মেহেদি হাসান মিরাজের সঙ্গে অনেকবার ড্রেসিংরুম শেয়ার করেছে টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস। এবার ক্লাব ক্রিকেটে দুজনকে একসঙ্গে দেখা যাবে। এ নিয়ে রোমাঞ্চিত কিনা লিটন? এই প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘সত্যি বলতে মিরাজের সঙ্গে খেলিনি আগে। জাতীয় দলে তো অনেক খেলেছি, কিন্তু ঢাকা লীগে মিরাজের সঙ্গে প্রথম খেলবো। খেলার পর বলতে পারবো ( রোমাঞ্চ কাজ করছে কিনা)।’ সিসিডিএম-এর প্রকাশিত তালিকা অনুযায়ী, লিজেন্ডস অব রূপগঞ্জ লিটন ও মিরাজ ছাড়াও দলে ভিড়িয়েছে নাসুম আহমেদ, ইরফান শুক্কুর, আরিফুল হক ও আইচ মোল্লাদের মতো ক্রিকেটারদের। অন্যান্য দলের মধ্যে আবাহনী লিমিটেড দলে নিয়েছে সৈয়দ খালেদ আহমেদ, সৌম্য সরকার ও জাকের আলী অনিককে। মোহামেডান স্পোর্টিং ক্লাব নিশ্চিত করেছে এনামুল হক বিজয়, রিশাদ হোসেন ও নাঈম শেখের অন্তর্ভুক্তি। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, আবু হায়দার রনি ও তানজিম হাসান সাকিব। এছাড়া ওল্ড ডিওএইচএস থেকে ব্রাদার্স ইউনিয়নে নাম লিখিয়েছেন নাজমুল ইসলাম অপু ও নাঈম হাসান। দলবদলের দুই দিনে মোট ১৩৫ জন ক্রিকেটার ১২ দলে ১৩৫ জায়গা করে নিয়েছেন।
লিটন-মিরাজকে দলে টেনে চমক রূপগঞ্জের
স্পোর্টস রিপোর্টার
২০ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
