সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের পুকুর দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের একটি পুকুর দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোরে তালম ইউনিয়ন তাঁতীদলের সভাপতি এনামুল হক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ১৫-১৮ জন গাবরগাড়ী জামে মসজিদের পুকুরে বিষ প্রয়োগ করে ৮ থেকে ১০ লাখ টাকার মাছ জাল ফেলে তুলে নেয়। এতে মসজিদ কমিটি নিষেধ করলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে হামলা করতে যায় এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে। পরে মসজিদ কমিটির লোকজন ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি অবগত করেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসার আগেই তারা মাছ নিয়ে চলে যায়। পরে এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন বাদী হয়ে বিএনপি নেতা এনামুল হক ও আব্দুর রাজ্জাকসহ ১৮ জনের বিরুদ্ধে ৮-১০ লাখ টাকার মাছ লুটের একটি মামলা দায়ের করেন।
তবে থানায় অভিযোগ দিয়েও মসজিদ কমিটি কোনো প্রতিকার না পেয়ে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মসজিদ কমিটি এবং গ্রামবাসী যৌথভাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। পরে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও এনামুল হক বিষয়টি জানতে পেরে সংঘবদ্ধভাবে মানববন্ধনে উপস্থিত হওয়া মসজিদ কমিটির সভাপতির ওপর অতর্কিত হামলা চালায়। পরে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেনÑ মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন, ইদ্রিস হোসেন, ইলিয়াস হোসেন, জফের হোসেন, লিপি খাতুন, শরিফুল ইসলাম, আসাদুল ইসলাম, শাহাদাৎ হোসেন ও সুলতান সেখ। অপরদিকে বিএনপি নেতা এনামুল হক, নাজমুল হোসেন, আব্দুল মজিদ, আব্দুস সালামসহ দুই গ্রুপের অন্তত ২০ জন আহত হয়ে স্থানীয় ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
তাড়াশ থানার ওসি (তদন্ত) শাহ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করায় বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন