সিআরবিতে কোনো হাসপাতাল চট্টগ্রামবাসী মেনে নেবে না -চসিক মেয়র

ফন্ট সাইজ:

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেছেন, গাছ কেটে সিআরবিতে কখনো কোনো হাসপাতাল কিংবা স্থাপনা আমরা করতে দেবো না এবং এটা চট্টগ্রামবাসী কখনো মেনে নেবে না।
গতকাল সকালে নগরীর জামালখান লিচু তলা এলাকায় ‘নগরীর খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম’ উদ্বোধনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে কথা বলেছেন উল্লেখ করে মেয়র শাহাদাত হোসেন বলেন, পুরনো যে হাসপাতালটা আছে, সে হাসপাতালটা তিনি দেখবেন। ওই হাসপাতালটার ইনফ্রাস্ট্রাকচার (অবকাঠামো), ওইখানে দরকার হলে ওটা ভেঙে কীভাবে একটা সুন্দর হাসপাতাল করা যায়, এটাও আমাদের সময়ের দাবি। যেহেতু এই হাসপাতালটাতে আসলে রোগী আসে না। তিনি বলেন, এখানে আমরা ডেন্টাল কলেজের কথা বলেছি ইতিমধ্যে। একটা পূর্ণাঙ্গ মেডিকেল হাসপাতাল এবং কলেজের কথা বলেছি। কাজেই ওই জায়গায় আমরা হয়তোবা আশা করতে পারি, পুরনো বিল্ডিংয়ে, কিন্তু নতুন কোনো স্থাপনা সেখানে হবে না।
উল্লেখ্য, ২০২২ সালে একই স্থানে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত ঘোষণার পর চট্টগ্রাম জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিভিন্ন পরিবেশবাদী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন টানা এক বছরের বেশি সময় ধরে আন্দোলন চালায়। সেই আন্দোলনের মুখে একপর্যায়ে আওয়ামী লীগ সরকার সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাস্তবায়ন না করার ঘোষণা দেয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন