সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ৮৯ হাজার ৪২১ জন

ফন্ট সাইজ:

সিলেট শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন এবং ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন। অর্থাৎ এবারো ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্রদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। মানবিক বিভাগে সর্বাধিক ৫৮ হাজার ৩২ জন পরীক্ষার্থী রয়েছে। এরপর বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ১৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ হাজার ২৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এই তিন বিভাগ মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ৪২১ জনে। জেলা ভিত্তিতে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৫ হাজার ৩৩১ জন পরীক্ষার্থী রয়েছে। এ ছাড়া, মৌলভীবাজারে ১৯ হাজার ৯১৩ জন, সুনামগঞ্জে ১৮ হাজার ৩৮৩ জন এবং হবিগঞ্জে ১৫ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। চার জেলার ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২২৫টি কেন্দ্রে পরীক্ষা দেবে। গত এক দশকের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালে সর্বোচ্চ ১ লাখ ২১ হাজার ১১১ জন পরীক্ষার্থী ছিল। এরপর থেকে ধারাবাহিকভাবে কমতে কমতে ২০২৬ সালে তা ৮৯ হাজারে নেমে এসেছে। ২০২৫ সালে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২ হাজার ৮৭২ জন, ২০২৪ সালে ১ লাখ ৯ হাজার ৫৮০ জন এবং ২০২৩ সালে ১ লাখ ৯ হাজার ৩৪৯ জন। অর্থাৎ মাত্র কয়েক বছরের ব্যবধানে প্রায় ৩১ হাজারের বেশি পরীক্ষার্থী কমে গেছে। মঙ্গলবার থেকে শুরু হয়ে ২০শে মে পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা ৭ই জুন থেকে ১৪ই জুনের মধ্যে শেষ করার নির্দেশনা রয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন জানিয়েছেন, ২২৫টি কেন্দ্রে প্রশ্নপত্র ও উত্তরপত্রসহ প্রয়োজনীয় সব উপকরণ পাঠানো হয়েছে। নকল প্রতিরোধে ১০টি বিশেষ ভিজিল্যান্স টিমসহ মোট ৪৪টি টিম কাজ করবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন