মাগুরা-যশোর মহাসড়কের আড়পাড়া বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। গতকাল দুপুরে শালিখা উপজেলার আড়পাড়া বাজার সংলগ্ন ব্রিজের উপর রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় নিহত হন মোছা. পপি খাতুন (৩৬)। তিনি মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের রাজিবের পাড়া গ্রামের প্রবাসী রাজ্জাক মোল্লার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজার শেষে ব্রিজের উপর দিয়ে রাস্তা পার হওয়ার সময় যশোরগামী উসামা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান জানান, মাগুরা থেকে যশোরগামী একটি লোকাল বাসের ধাক্কায় পথচারী ওই নারী নিহত হয়েছেন। ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। মৃতদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাগুরায় বাসের ধাক্কায় প্রাণ গেল প্রবাসীর স্ত্রীর
মাগুরা প্রতিনিধি
২০ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
