শীর্ষ খেলোয়াড়দের বিশ্রামে রেখে সফরে আসা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছে বাংলাদেশ দল। প্রতিপক্ষকে দ্বিতীয় বা তৃতীয় সারির দল বলা হলেও এই তত্ত্বে বিশ্বাসী নন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে তিনি দলের ঘুরে দাঁড়ানোর কঠিন প্রত্যয় ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষ কোনো দলকে খর্বশক্তির মানতে সম্পূর্ণ নারাজ এই তরুণ পেসার। শরিফুল স্পষ্টভাবে বলেছেন, ‘আন্তর্জাতিক দলের কোনো সময় সেকেন্ড টিম বা থার্ড টিম বলে কিছু নেই। তারা ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেই আন্তর্জাতিকে এসেছে।’ প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারের পর সিরিজে সমতা ফেরাতে মরিয়া স্বাগতিক শিবির। তিনি বলেন, ‘একটা ম্যাচে হয়তো আমরা ভুল করেছি। তারা অবশ্যই ভালো দল। আমরাও ভালো দল। আশা করি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো।’
পেশাদারিত্বের যুগে ফ্র্যাঞ্চাইজি লীগ খেলার অভিজ্ঞতা আন্তর্জাতিক মঞ্চে দারুণ কাজে দেয় বলে মনে করেন এই পেসার। পাকিস্তান সুপার লীগ ও বাংলাদেশ প্রিমিয়ার লীগ খেলে নিজের বোলিংয়ে বৈচিত্র্য এনেছেন তিনি। এ প্রসঙ্গে শরিফুলের ভাষ্য, ‘ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতে অনেক বড় বড় ব্যাটসম্যানদের বিপক্ষে বল করতে হয়। সেখানে চাপ সামলানোর ক্ষমতা বাড়ে।’ পিএসএলে মোহাম্মদ আমিরের কাছে বোলিংয়ের গ্রিপ নিয়ে টিপস পেয়েছেন তিনি। শরিফুল বলেন, ‘আমি ওনার কাছে নতুন বল এবং পুরোনো বলে বোলিং গ্রিপ সম্পর্কে জানতে চেয়েছিলাম। উনি নিজ থেকেই অনেক কিছু শিখিয়েছেন।’ টসের মাত্র কয়েক সেকেন্ড আগে একাদশে সুযোগ পাওয়ার খবর পান এই বাঁহাতি পেসার। তিনি বলেন, ‘আল্লাহ রিজিক রেখেছিলেন বলেই খেলতে পেরেছি।’
দলে মোস্তাফিজের মতো তারকার উপস্থিতি সুস্থ প্রতিযোগিতা তৈরি করলেও কোনো রেষারেষি নেই বলে স্পষ্ট জানিয়েছেন শরিফুল। তিনি বলেন, ‘ওনার সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই, ওনার কাছ থেকে সব সময় শিখি।’ প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতা নিয়ে কোনো আক্ষেপ নেই তার। বোলাররা আরও ভালো করলে কাজটা সহজ হতো বলে মনে করেন তিনি। মিরপুরের উইকেট অনেক সময় প্রত্যাশার উল্টো আচরণ করলেও দ্রুত মানিয়ে নেওয়ার বিকল্প নেই। প্রচণ্ড গরমে ফিল্ডিং করা চ্যালেঞ্জিং হলেও পেশাদারিত্বের কারণে আবহাওয়ার কোনো অজুহাত দিতে নারাজ তিনি। ব্যক্তিগত লক্ষ্য সম্পর্কে এই ফাস্ট বোলার বলেছেন, ‘যখনই সুযোগ পাবো, দেশের হয়ে ম্যাচ জেতানোই মূল লক্ষ্য। বিশেষ করে নতুন বলে দ্রুত উইকেট নেয়া এবং ডেথ ওভারে রান আটকে রাখার জায়গায় কাজ করতে চাই।’
ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী শরিফুল
স্পোর্টস রিপোর্টার
২০ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
