ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এবার একঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। তরুণ দল নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারীরা। আর সফরকারী কিউইরা মনে করে অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশে সিরিজ জিতলে সেটা নিউজিল্যান্ডের জন্য হবে বড় সাফল্য। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কিউই পেস বোলিং অলরাউন্ডার নাথান স্মিথ বলেন, ‘সিরিজ জয় আমাদের জন্য বিশাল কিছু হবে। আমরা মূলত বিদেশের কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে চাই এবং স্কোয়াডের গভীরতা বাড়াতে চাই। এখানে সাফল্য পেলে আমাদের ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।’
প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও উইকেট চ্যালেঞ্জিং হবে বলে ধারণা স্মিথের। উইকেট পর্যবেক্ষণ করে তিনি বলেন, ‘উইকেটটা আগের দিনের মতোই মনে হচ্ছে। পর্যাপ্ত ঘাস আছে, তাই আমরা কাছাকাছি ধরনের কন্ডিশনই আশা করছি।’
বাংলাদেশের ভ্যাপসা গরম যে কিউইদের জন্য বড় পরীক্ষা, তা অকপটে স্বীকার করেছেন স্মিথ। তিনি বলেন, ‘এই প্রচণ্ড গরমে আগে বোলিং করা শারীরিকভাবে খুবই কঠিন। ছোট ছোট স্পেলে বোলিং করা এবং দলগতভাবে কাজ করাটাই এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ উইকেটের আচরণ রোদে বদলে যেতে পারে-এমন আশঙ্কায় টসকে বড় ফ্যাক্টর মনে করছেন তিনি। স্মিথ বলেন, ‘আমার মনে হয় টস খুব গুরুত্বপূর্ণ হবে। কন্ডিশন অনুযায়ী আগে ব্যাট করে বড় স্কোর গড়ে পরে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করাই হবে সেরা কৌশল।’
‘সিরিজ জিতলে আমাদের জন্য বিশাল কিছু হবে’
স্পোর্টস রিপোর্টার
২০ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
