যুক্তরাষ্ট্রে মেজর লীগ সকারে (এমএলএস) গিলার্মো হোয়োসের কোচিং অধ্যায় শুরু হলো স্বপ্নের মতো। লিওনেল মেসির দুর্দান্ত পারফর্মেন্সে ভর করে কলোরাডো র্যাপিডসকে ৩-২ গোলে হারালো ইন্টার মায়ামি। দলের হয়ে এদিন জোড়া গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা। ডেনভারের বিশাল এনএফএল স্টেডিয়ামে উপস্থিত ৭৫ হাজার ৮২৪ জন দর্শক সাক্ষী হলেন এক রোমাঞ্চকর লড়াইয়ের। এমএলএসের ইতিহাসে এই দর্শকসংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। হাভিয়ের মাসচেরানোর পদত্যাগের চার দিনের মাথায় মায়ামির দায়িত্ব নেন মেসির দীর্ঘদিনের বন্ধু ও স্পোর্টিং ডিরেক্টর হোয়োস। বার্সেলোনার একাডেমির কোচ থাকাকালীন তিনি কাছ থেকে কিশোর মেসিকে দেখেন ও গড়ে তোলেন। এত বছর পর সেই মেসির প্রতিই আবার মুগ্ধতা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দলে ইতিহাসের সেরা খেলোয়াড় আছে, যে যেকোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।’ হোয়োস আরও বলেন, ম্যাচে ২-২ সমতার পর আমাদের খেলার কৌশল বদলাতে হয় এবং দল দারুণভাবে সাড়া দেয়। আবারও বলছি, (আলাদিনের) চেরাগে ঘষা হয়েছিল, আর সেখান থেকেই সেই গোলটি বেরিয়ে আসে, যা কেবল সে-ই (মেসি) করতে পারে। তার মতো একজনকে পাওয়া এক বিরাট আশীর্বাদ।
এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলো ইন্টার মায়ামি। ৮ ম্যাচে ৪ জয়, ৩ ড্র ও ১ হারে ১৫ পয়েন্ট ফ্লোরিডার ক্লাবটির। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় ন্যাশভিল এসসি।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে মায়ামি। ত্রয়োদশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ৩৮ বছর বয়সী মেসি। প্রথমার্ধের যোগ করা সময়ে মাতেও সিলভেত্তির ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান বার্তেরাম। বিরতির পর ঘুরে দাঁড়ায় স্বাগতিক কলোরাডো। ৫৮তম মিনিটে ব্যবধান কমান রাফায়েল নাভারো। মিনিট চারেকের মধ্যে বদলি খেলোয়াড় ড্যারেন ইয়াপির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। তবে শেষ দিকে মায়ামির ত্রাতা হয়ে আবির্ভূত হন মেসি। ৭৯তম মিনিটে রদ্রিগো ডি পলের বাড়ানো বল ধরে দুর্দান্ত এক শটে মায়ামির জয়সূচক গোলটি করেন এ আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক। চলতি মৌসুমে এটি মেসির সপ্তম গোল। ৮৭তম মিনিটে ইয়ানিক ব্রাইট লাল কার্ড দেখায় শেষ কয়েক মিনিট একজন কম নিয়ে খেলতে হয় মায়ামিকে। তবে তাতে জিততে অসুবিধা হয়নি সফরকারী দলের।
মেসির কারণেই পদত্যাগ মাসচেরানোর!
ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্টার মায়ামির কোচের পদ ছাড়েন হাভিয়ের মাসচেরানো। তবে ফুটবল মহলে অন্যরকম গুঞ্জন চলছে। ‘দ্য অ্যাথলেটিক ’ একটি প্রতিবেদনে জানিয়েছে, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ব্যর্থতা এবং নিউইয়র্ক রেড বুলসের সঙ্গে ড্রয়ের পর ড্রেসিংরুমের উত্তপ্ত পরিবেশই এ বিদায়ের নেপথ্যে। এখানে জড়িয়ে মেসির নামও।
বহু বছরের বন্ধু হলেও, কোচ-খেলোয়াড় হিসেবে মেসি ও মাসচেরানোর পেশাদার দ্বিমত প্রায়ই তর্কে গড়াতো। অ্যাথলেটিকের ধারণা, মায়ামিতে মেসির ক্রমবর্ধমান প্রভাব এবং সাম্প্রতিক মেজাজি আচরণের মাঝে মাসচেরানো আর তিক্ততা বাড়াতে চাননি বলেই ক্লাবকে বিদায় জানিয়ে দেন।
রেকর্ড দর্শকের সামনে দুর্দান্ত মেসি
স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
