দীর্ঘ নয় বছরের ম্যানচেস্টার সিটি অধ্যায়ের ইতি টানছেন ক্লাবের সোনালী যুগের অন্যতম কারিগর বার্নার্দো সিলভা। পর্তুগিজ মিডফিল্ডারের বিদায়বেলায় সিটি সমর্থকদের মতো ভেঙে পড়েছেন পেপ গার্দিওলাও। সিটিজেন কোচ স্বীকার করলেন, সিলভার চলে যাওয়া মানে তার নিজের সত্তার একাংশ হারিয়ে ফেলা।
২০১৭তে ইত্তিহাদ স্টেডিয়ামে যোগ দেয়ার পর থেকে ৪৫১ ম্যাচে ৭৬ গোল আর ৭৭টি অ্যাসিস্ট করেছেন সিলভা, জিতেছেন ১৯টি শিরোপা। চুক্তি শেষে চলতি মৌসুমেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন সিটি অধিনায়ক। গার্দিওলার কাছে এটি সবচেয়ে কঠিন বিদায়। তিনি বলেন, ‘অবশ্যই এটি সবচেয়ে কঠিন। এই ধরনের খেলোয়াড়রা যখন চলে যায়, তখন আমার নিজের সত্তার একটি অংশও তাদের সঙ্গে চলে যায়। তাকে ছাড়া এই ক্লাব কল্পনা করা কঠিন।’ গত ১ বছরে ইলকায় গুন্দোগান, কেভিন ডি ব্রুইনা, এডারসন ও কাইল ওয়াকারের মতো অভিজ্ঞ তারকাদের বিদায় দিয়েছে সিটি। বর্তমানে চেরকি, গেহি এবং নিকো ও’রাইলির মতো তরুণদের ওপর ভরসা করতে হচ্ছে ইংলিশ জায়ান্টদের। শিরোপা লড়াইয়ের চাপ এই নতুনরা কতটা সামলাতে পারবে, তা নিয়ে কিছুটা সংশয়ে গার্দিওলা। সিটি বস বলেন, ‘চেরকি বা খুসানভরা আগে কখনো প্রিমিয়ার লীগ জেতেনি। চাপের মুখে তারা কেমন করবে, তা আমাদের অজানা। অনেক কিছুই এখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’
বিদায়বেলায় সিলভাকে আরও দু’টি ট্রফি লীগ কাপ ও এফএ কাপ উপহার দিতে চান গার্দিওলা। সিলভার প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, ‘সে বিশেষ একজন ফুটবলার, সে সেরাটুকুই পাওয়ার যোগ্য। আমরা আরও দুটি শিরোপার জন্য লড়ছি এবং নিশ্চিতভাবেই আমরা তা ছিনিয়ে নিতে চাই।’
