মালয়েশিয়ার সান্দাকানে অগ্নিকাণ্ডে ১,০০০ ঘরবাড়ি ভস্মীভূত

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার সাবাহ রাজ্যের সান্দাকানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কাম্পুং বাহাগিয়া জলপল্লির প্রায় ১,০০০টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৯ এপ্রিল) ভোরে ছড়িয়ে পড়া এই আগুনে চার হেক্টরেরও বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা 'বারনামা' জানিয়েছে, রাত ১টা ৩২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর সান্দাকান ও কিনাবাতাঙ্গান স্টেশন থেকে ৩৫ জন অগ্নিনির্বাপণকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

সান্দাকান ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের প্রধান জিমি লাগুং জানিয়েছেন, ভাটার সময় হওয়ায় অগ্নিনির্বাপণ কাজে পর্যাপ্ত খোলা পানির উৎস পাওয়া বেশ কঠিন হয়ে পড়ে। সমুদ্রের পানির পাশাপাশি ট্যাংকারের পানি এবং একটি কারখানার চাপযুক্ত হাইড্র্যান্ট ব্যবহার করা হয়। আগুন নেভাতে ১ হাজার ফুট দৈর্ঘ্যের চারটি হোজ লাইন এবং ১২টি পানির জেট ব্যবহার করা হয়। এছাড়া কিনাবাতাঙ্গান স্টেশন থেকে একটি ফায়ার রেসকিউ টেন্ডার (এফআরটি) অভিযানে সহায়তা করে, যেখানে ৪০০ ফুটের দুটি হোজ লাইন ও চারটি পানির জেট মোতায়েন করা হয়। সবশেষ খবর পাওয়া পর্যন্ত দুপুরে অগ্নিনির্বাপণ অভিযান সম্পন্ন হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুটি ত্রাণ কেন্দ্র চালু করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। সকাল ৭টায় বাতু সাপি পিপলস হাউজিং প্রজেক্ট (পিপিআর) হলে প্রথম ত্রাণ কেন্দ্র খোলা হয় এবং সকাল ১১টায় সেকোলাহ (স্কুল) কেবাংসান গ্যাসে আরও একটি কেন্দ্র চালু করা হয়। সান্দাকান মিউনিসিপাল কাউন্সিলের সভাপতি ওয়াল্টার কেনসন জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো বসবাসের অনুপযুক্ত ঘোষণা করে সান্দাকান জেলায় দুর্যোগ ঘোষণা জারি করা হয়েছে। বারনামা আরও জানিয়েছে, সকাল সাড়ে দশটা পর্যন্ত পিপিআর হলের ত্রাণ কেন্দ্রে ১৪৩টি পরিবারের ৬৬১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তি আশ্রয় নিয়েছেন বলে সাবাহ স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির অনানুষ্ঠানিক তথ্যে জানা গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার ও সাবাহ রাজ্য সরকার যত দ্রুত সম্ভব ভুক্তভোগীদের জন্য মৌলিক সহায়তা ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে সমন্বিতভাবে কাজ করছে। বারনামা আরও লিখেছে, তিনি বলেছেন, "এখন অগ্রাধিকার হলো ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনাস্থলে তাৎক্ষণিক সহায়তা পৌঁছে দেওয়া।"

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন