‘দলে থাকার যোগ্য নই’, রিজওয়ানের অকপট স্বীকারোক্তি

‘দলে থাকার যোগ্য নই’, রিজওয়ানের অকপট স্বীকারোক্তি

ফন্ট সাইজ:

৭ ম্যাচের সবগুলোতেই হেরে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) নিজেদের প্রথম মৌসুম থেকে বিদায় নিশ্চিত হয়েছে রাওয়ালপিন্ডিজের। শনিবার লাহোর কালান্দার্সের বিরুদ্ধে ৩২ রানে হেরেছে পিন্ডিজ। দলটির শোচনীয় অবস্থায় ব্যক্তিগত পারফর্মেন্সের কারণে সংবাদ সম্মেলনে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে। পাকিস্তানের তারকা ব্যাটার সোজাসুজি স্বীকার করে নিলেন, বর্তমান ফর্মে জাতীয় দলে খেলার যোগ্যতাই তার নেই।

সম্প্রতি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপে মনোযোগ দিতে টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন সালমান আলী আঘা। রিজওয়ানেরও কি সে পথে হাঁটা উচিত? এমন প্রশ্নের মুখে নিজের বিগ ব্যাশ লীগের অভিজ্ঞতার স্মৃতিচারণ করে রিজওয়ান বলেন, ‘আমি আগেও বলেছি, বিগ ব্যাশে আমার যে পারফরম্যান্স ছিল, তাতে পাকিস্তান দলে আমার জায়গা হওয়া উচিত ছিল না। আমি সেই মানুষ, যাকে আপনারা বলেছিলেন আমি ছক্কা মারতে পারি না।’ হারিস রউফকে সাক্ষী রেখে রিজওয়ান বলেন, ‘আমি হারিসকে বলেছিলাম, আমার এই পারফরম্যান্স নিয়ে আমি দলে থাকার যোগ্য নই। হারিস তখন কী বলেছিল তা, আমি প্রকাশ করতে পারব না। তবে ও সত্যটা জানে।’

তবে ব্যর্থতা মেনে নিলেও এখনই ময়দান ছেড়ে যে পালাচ্ছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন রিজওয়ান। তার ভাষায়, ‘আমরা সবাই মানুষ। আমি মানছি যে আমি ভুল করেছি এবং আমার পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। তবে তার মানে এই নয় যে আমি সাহস হারাবো, আপনাদের সামনে পরাজয় স্বীকার করে বসে থাকবো অথবা ক্রিকেট ছেড়ে দেব। শক্তি থাকা পর্যন্ত আমি লড়াই চালিয়ে যাব। তবে যদি মনে হয় ছোটদের সুযোগ দেয়া উচিত, আমি আগেও অধিনায়ককে গিয়ে বলেছি, এবারও বলবো।’

পিএসএলের ৭ ম্যাচে রিজওয়ান করেছেন মাত্র ১০৭ রান। তার ১৫.২৮ গড় ও সর্বোচ্চ রান ৪১। পাকিস্তানের টিটোয়েন্টি দলে তিনি সবশেষ খেলেছেন দেড় বছর আগে, ২০২৪-এর ডিসেম্বরে। সবশেষ বিগ ব্যাশেও ১০ ম্যাচে রিজওয়ানের ব্যাট থেকে আসে কেবল ১৮৭ রান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন