জোড়া গোলে নতুন কোচের অভিষেক রাঙালেন মেসি

জোড়া গোলে নতুন কোচের অভিষেক রাঙালেন মেসি

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রে মেজর লীগ সকারে (এমএলএস) গুইলার্মো হোয়োসের কোচিং অধ্যায় শুরু হলো স্বপ্নের মতো। লিওনেল মেসির দুর্দান্ত পারফর্মেন্সে ভর করে কলোরাডো র‍্যাপিডসকে ৩-২ গোলে হারালো ইন্টার মায়ামি। দলের হয়ে এদিন জোড়া গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা। ডেনভারের বিশাল এনএফএল স্টেডিয়ামে উপস্থিত ৭৫ হাজার ৮২৪ জন দর্শক সাক্ষী হলেন এক রোমাঞ্চকর লড়াইয়ের। এমএলএসের ইতিহাসে এই দর্শকসংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে মায়ামি। ত্রয়োদশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ৩৮ বছর বয়সী মেসি। প্রথমার্ধের যোগ করা সময়ে মাতেও সিলভেত্তির ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান বার্তেরাম। বিরতির পর মাঠে ফিরে ঘুরে দাঁড়ায় স্বাগতিক কলোরাডো। ৫৮তম মিনিটে ব্যবধান কমান রাফায়েল নাভারো। মিনিট চারেকের মধ্যে বদলি খেলোয়াড় ড্যারেন ইয়াপির গোলে সমতায় ফেরে স্বাগতিক দল। ম্যাচ যখন ড্রয়ের দিকে গড়াচ্ছিল, তখনই ত্রাতা হয়ে আবির্ভূত হন মেসি। ৭৯ত মিনিটে রদ্রিগো ডি পলের বাড়ানো বল ধরে দুর্দান্ত এক শটে মায়ামির জয়সূচক গোলটি করেন এ আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক। চলতি মৌসুমে এটি মেসির সপ্তম গোল। ৮৭তম মিনিটে ইয়ানিক ব্রাইট লাল কার্ড দেখায় শেষ কয়েক মিনিট একজন কম নিয়ে খেলতে হয় মায়ামিকে। তবে তাতে জিততে অসুবিধা হয়নি সফরকারী দলের।

হাভিয়ের মাসচেরানোর পদত্যাগের চার দিনের মাথায় মায়ামির দায়িত্ব নেন মেসির দীর্ঘদিনের বন্ধু ও স্পোর্টিং ডিরেক্টর হোয়োস। ম্যাচের পর তিনি বলেন, ‘আমাদের দলে ইতিহাসের সেরা খেলোয়াড় আছে, যে যেকোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।’

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসলো মায়ামি। ৮ ম্যাচে ৪ জয়, ৩ ড্র ও ১ হারে ১৫ পয়েন্ট ফ্লোরিডার ক্লাবটির। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় ন্যাশভিল এসসি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন