খুলনায় দায়িত্ব পালনকালে নিজের ব্যবহৃত রাইফেলের গুলিতে সম্রাট বিশ্বাস (৩৮) নামে এক রেলওয়ে পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর সোনাডাঙ্গায় রেলওয়ে জেলা পুলিশ লাইন্সের অস্ত্রাগার এলাকায় এই ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সম্রাট নিজের মাথায় চাইনিজ রাইফেল ঠেকিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সম্রাট গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে। জানা যায়, ২০১৮ সালে পুলিশে যোগ দেয়া সম্রাট গত ছয় মাস আগে খুলনা রেলওয়ে পুলিশে বদলি হয়ে আসেন। তার স্ত্রী পূজা বিশ্বাসও সাতক্ষীরা জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত বলে জানা গেছে। নগরীর সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ভোরে দায়িত্ব পালনের সময় চেয়ারে বসে নিজের কপালে রাইফেল ঠেকিয়ে গুলি করে তিনি আত্মহত্যা করেন। কিন্তু কী কারণে তিনি আত্মহত্যা করেছেন- তা বলতে পারছি না।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করতে পারেন। এ বিষয়ে খুলনা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আহমেদ মাঈনুল হাসান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
