আগামী ৪ঠা মে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লীগ। গতকাল শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের দুই দিনব্যাপী দলবদল। আগেই জানা গেছে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী আর রানার্সআপ মোহামেডান শক্তিশালী দল গড়েছে। গতকাল প্রথম দিনই আনুষ্ঠানিকতা সেরেছে দল দু’টি। এই দুই জনপ্রিয় দলের বাইরে লিজেন্ডস অব রূপগঞ্জ, ঢাকা লেপার্ড, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও বসুন্ধরা স্ট্রাইকার্সও মোটামুটি শক্তিশালী দল গড়ার কাজ সেরে ফেলেছে। জাতীয় দলের ওপেনার সাইফ হাসান এবার খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জে। তরুণ ওপেনার হাবিবুর রহমান সোহান, ইরফান শুক্কুর, শেখ মেহেদী, মাহমুদুল হাসান জয়, নাসুম আহমেদ, সামিউল বশির রাতুল, শরিফুল ইসলাম, আব্দুল হালিম, শিবলী ও স্বাধীন সবাইয়ের ঠিকানা এবার লিজেন্ডস অব রূপগঞ্জ। এর বাইরে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে চূড়ান্ত করেছে দলটি। এছাড়া এবার দলটির কোচিংয়ে দেখা যাবে জাতীয় দলের সাবেক পেসার নাজমুল ইসলামকে। জাতীয় দলের সাবেক ব্যাটার রাজিন সালেহর কোচিংয়ে অগ্রণী ব্যাংকও বেশ শক্তিশালী দল গড়েছে। অগ্রণী ব্যাংক এরই মধ্যে সাদমান ইসলাম, তৌফিক খান তুষার, মাহফিজুল ইসলাম রবিন, ইমরুল কায়েস, অমিত হাসান, মার্শাল আইয়ুব, নাসির হোসেন, তোফায়েল, রবিউল, শহিদুল, শুভাগতহোম, আরিফ, রোহান, জাহিদ জাভেদ ও সন্দীপ বাবুকে নিশ্চিত করেছে। প্রিমিয়ারের নতুন দল ঢাকা লেপার্ড একঝাঁক তরুণ মেধাবী ক্রিকেটারের নতুন ঠিকানা। আগেরবার প্রিমিয়ার লীগে নজরকাড়া বেশ কয়েকজন নাম লেখান ঢাকা লেপার্ডে। সেই তালিকায় আছেন জাওয়াদ আবরার, জাকির হাসান, ইফতিখার ইফতি, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মঈন খান, আলাউদ্দীন বাবু, পারভেজ জীবন, ফাহাদ, হাসান মুরাদ, আরাফাত সানি, মেহেদী হাসান রানা, সৈকত আলীরা। অন্যদিকে বসুন্ধরা স্ট্রাইকার্সে এবারও আছেন নুরুল হাসান সোহান। সঙ্গে ফজলে রাব্বি, জিয়াউর রহমান ও নাহিদ ইসলাম থেকে গেছেন বসুন্ধরা স্ট্রাইকার্সে। এদিকে মোস্তাফিজুর রহমানকে ছাড়াই দল সাজিয়েছে আবাহনী। দলে থেকে গেছেন আগেরবারের নাজমুল হোসেন শান্ত, জিসান আলম, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহরব হোসেন, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, শামসুল আলম অনিক ও নাইমুর নয়ন। এদের ধরে রাখার পাশাপাশি সৌম্য সরকার, সৈয়দ খালেদ আহমেদ, সাব্বির রহমান, জাকির আলী অনিক, মারুফ মৃধা, মাইদুল ইসলাম অঙ্কন ও ইকবাল হোসেন ইমনকে দলে ভিরিয়েছে আকাশী-হলুদ শিবির।
এদিকে সেই পুরোনো ধ্যান-ধারণা পাল্টে বাস্তবতাকে মাথায় রেখে দল সাজিয়েছে মোহামেডান। এমন সব ক্রিকেটার নিয়েছে যাদের বেশির ভাগই পুরো লীগে খেলতে পারবে। টপ অর্ডারের শক্তি বাড়াতে পুরোনো তাওহিদ হৃদয়, রনি তালুকদার, আনিসুল ইসলাম ইমনের সঙ্গে নতুন যোগ দিয়েছেন নাঈম শেখ, এনামুল হক বিজয় আর পারভেজ ইমন। ইয়াসির আলী রাব্বি, আফিফ হোসেন ধ্রুবও মোহামেডানে খেলা নিশ্চিত করেছেন। সেই সঙ্গে অভিজ্ঞ মুশফিকুর রহিমকেও দলে নেয়ার কাজ শেষ। একইভাবে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দীনও থেকে যাচ্ছেন। সঙ্গে যোগ দিয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন, অলরাউন্ডার তাইবুর পারভেজ, বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, পেসার তাসকিন আহমেদ, রিপন মন্ডল, এবাদত হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মুশফিক হাসান, বাঁহাতি স্পিনার তানভির ইসলাম এবং অফস্পিনার নাইম আহমেদ যোগ দেয়াতে কাগজে কলমে এক নম্বার দলে পরিণত হয়েছে মোহামেডান। আগের বারের মতো এবারও মোহামেডানের হেড কোচ হয়েছেন মিজানুর রহমান বাবুল। মাহমুদউল্লাহ রিয়াদ, আকবর আলী, আলিস আল ইসলাম, আজিজুল হাকিম তামিম, আনামুল হক, মেহেদি হাসানের মতো একঝাক তারকা নিয়ে দল সাজিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দল বদলের প্রথম দিনে ৭৯ জন ক্রিকেটার নতুন ঠিকানায় নাম লিখিয়েছেন।
কাগজে কলমে ভালো দল গড়তে যাচ্ছে ঢাকা লেপার্ড, রূপগঞ্জ ও অগ্রণী ব্যাংক
স্পোর্টস রিপোর্টার
১৯ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
