ঢাকা প্রিমিয়ার লীগের দলবদলে মোহামেডান স্পোর্টিং ক্লাবে নাম লিখিয়েছেন এনামুল হক বিজয়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের প্রস্তুতি, সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচকতা এবং নতুন দলে খেলার অনুভূতি নিয়ে কথা বলেছেন এই ওপেনার। নিজের প্রস্তুতি নিয়ে বিজয় বলেন, ‘একদম শতভাগ প্রস্তুত বলবো না, এটা সত্যি। তবে আমার হাতে প্রায় ১৫ দিন সময় আছে। মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি, কিছুদিন ধরে অনুশীলনও করছি। আশা করছি প্রিমিয়ার লীগ শুরুর আগেই পুরোপুরি প্রস্তুত হয়ে যেতে পারবো।’ সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত নেতিবাচক মন্তব্য নিয়ে হতাশা প্রকাশ করে বিজয় বলেন, ‘চারপাশে তাকালে মনে হয় অনেক
নেতিবাচকতা। সামাজিক যোগাযোগমাধ্যমে গেলেই মন্তব্যের মধ্যে শুধু নেতিবাচক কথা দেখা যায়। আমি চাই মানুষ ইতিবাচকভাবে কথা বলুক। সবার মধ্যে একটা ইতিবাচক শক্তি থাকুক, নেতিবাচক বিষয়গুলো আমরা পেছনে ফেলে এগিয়ে যাই।’ নতুন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত হয়েছে। নতুন বোর্ডের সঙ্গে নিজের যোগাযোগের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘আমি চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়গুলো সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করুক। ব্যক্তিগতভাবে সভাপতির সঙ্গে এবং বোর্ডের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে গুরুত্ব দিয়েছে এবং সম্মানের সঙ্গে কথা বলেছে। আশা করি এই ধারাটা চলমান থাকবে।’ এদিকে প্রথম দিনেই প্রাইম ব্যাংকের হয়ে দলবদলের কাজ সেরেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘদিন পর আবারও এই ক্লাবে খেলার সুযোগ পেয়ে জানিয়েছেন নিজের ভালো লাগার কথা। একই সঙ্গে চলতি মৌসুমে লীগ মাঠে গড়ানো নিয়েও স্বস্তির কথা জানিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। মাহমুদউল্লাহ বলেন, ‘সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লীগটা মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই আনন্দের বিষয়।’ গেল কয়েক মাসে লীগ আয়োজন নিয়ে অনিশ্চয়তার কারণে ক্রিকেটারদের মধ্যে যে দুশ্চিন্তা ছিল, সেটিও তুলে ধরেন মাহমুদউল্লাহ। এ ক্ষেত্রে যথাযথ উদ্যোগ নেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালের প্রশংসা করেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নিয়েছে। অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য বড় আয়ের একটি উৎস, তবে দিন শেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। মাঠে খেলার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু নেই।’
সম্মান ফিরে পেয়ে খুশি বিজয় লীগ আয়োজনের কৃতিত্ব তামিমকে দিলেন রিয়াদ
স্পোর্টস রিপোর্টার
১৯ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
