বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন রাশেদ প্রধান

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নেতিবাচক মন্তব্য করায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বিএনপি’র সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দুঃখপ্রকাশ করেন।

রাশেদ প্রধান বলেন, যেহেতু বিএনপিকর্মীরা কুলাঙ্গার শব্দ ব্যবহার করার জন্য রাগ করেছেন, কষ্ট পেয়েছেন তাই আমি বিএনপি সমর্থকগোষ্ঠীর কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।

জাগপা মুখপাত্র বলেন, আমি ২০২৬ এর জাতীয় নির্বাচনের আগে থেকেই আমার বক্তব্যে বারবার বলেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি আর নেই। তারেক রহমান তার পিতা-মাতার আদর্শে বর্তমান বিএনপি পরিচালনা করেন না। তিনি পিতা-মাতার সম্মান নষ্ট করেছেন, তাদের অপমান করেছেন।

তিনি বলেন, গত ১৫ই এপ্রিল এক আলোচনা সভায় আমার দেয়া বক্তব্যে আমি একই কথা বলেছি। আমার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। অতীতে অসংখ্যবার দেয়া বক্তব্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা না গেলেও গত ১৫ই এপ্রিলের বক্তব্যে বড় রকমের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অতীতের বক্তব্যের সঙ্গে ১৫ই এপ্রিলের বক্তব্যের মধ্যে পার্থক্য একটিমাত্র শব্দ সেটি হচ্ছে ‘কুলাঙ্গার’।

রাশেদ প্রধান আরও বলেন, আমার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশে বিভিন্ন অঞ্চলে বিএনপি’র সমর্থকগোষ্ঠী প্রতিবাদ, মিটিং, মিছিল আমার কুশপুত্তলিকা দাহসহ নানান কর্মসূচি পালন করেছেন। সেটা করা সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার তাদের আছে। আমি সরকারপন্থি নেতাকর্মীদের সাধুবাদ জানাই। জনগণের অধিকারের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমি বিশ্বাস করি জনগণের প্রাপ্য অধিকারের জন্য কথা বলা আমার দায়িত্ব। সেই কাজটি করার জন্য ফ্যাসিস্ট হাসিনার সময় আমি চুপ ছিলাম না। আজও চুপ থাকবো না। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হচ্ছে জনগণকে যে অঙ্গীকারগুলো দেয়া হয়েছিল অঙ্গীকারগুলো পালন করাটা সরকারের জন্য অত্যাবশ্যকীয়। গণতান্ত্রিক দেশে বিরোধী দল হিসেবে যেকোনো ব্যত্যয় হলে তা মনে করিয়ে দেয়াটা আমার কাজ, আমাদের কাজ।

রাশেদ প্রধান অভিযোগ করেন, তাকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত ফোন নম্বর ছড়িয়ে দেয়া হয়েছে এবং তিনি হুমকির মুখে পড়েছেন। এমনকি তার পরিবারের সদস্যদেরও হয়রানির শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন