জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জলবায়ুর পরিবর্তন মোকাবিলা করতে প্রায় ৫০ বছর আগে দেশে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের মানুষের সুবিধার কথা চিন্তা করে এই খাল খননকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পুনরায় খাল খনন শুরু করেছেন। দুলু বলেন, বাংলাদেশে এখন খরার সময় পানি নাই, ফারাক্কা বন্ধ, তিস্তা বন্ধ- চারিদিকে শুধুই হাহাকার অবস্থা। এগুলো থেকে মুক্তির জন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন শুরু করেছেন। এই খাল খননের মাধ্যমে পানি রিজার্ভ রেখে কৃষকের ভাগ্য পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করি।
দুলু আরও বলেন, এ দেশ কৃষিপ্রধান দেশ এবং কৃষিই হচ্ছে আমাদের একমাত্র ভরসা। কৃষক বাঁচলেই কেবল দেশ বাঁচবে। বাংলাদেশের মাটিতে একসময় একটামাত্র ফসল হতো। এখন যে তিনটা ফসল উৎপাদন হচ্ছে, এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। এই অবদানের ধারাকে অব্যাহত রাখতে এই খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্। শনিবার দুপুরে নাটোর সদরের হালসা ইউনিয়নের পান মোকাম এলাকায় হেলেঞ্চা খালের পুনঃখনন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্রেট আরিফ হোসেনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, নাটোর জেলা বিএনপি’র সদস্য নাসিম উদ্দিন নাসিম, সদর থানা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।
