জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন বর্তমান সরকার ধারাবাহিকভাবে জনগণের মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং জনগণের সাথে সুপরিকল্পিতভাবে প্রতারণায় লিপ্ত হয়েছে। মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে জনগণের মতামত ও রায়ের প্রতি সম্পূর্ণ অশ্রদ্ধা প্রদর্শন করছে।
শনিবর জামায়াত ঢাকা মহানগর উত্তর খিলখেত থানা আয়োজিত এক লিডারশীপ পোগ্রামে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সাম্প্রতিক গণভোটে জনগণের যে সুস্পষ্ট রায় প্রতিফলিত হয়েছে, সরকার তা সম্পূর্ণভাবে অমান্য করেছে। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সরকার প্রমাণ করেছে যে তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়, বরং নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতেই অধিক আগ্রহী।
ড. হামিদ আযাদ বলেন, গুম প্রতিরোধ কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কার কমিশনসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্বাধীন ও জবাবদিহিমূলক অধ্যাদেশ বাতিলের মাধ্যমে সরকার রাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে দিচ্ছে। এসব কমিশন অধ্যাদেশ বাতিল করা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি জনগণের অধিকার ও ন্যায়বিচার পাওয়ার পথ রুদ্ধ করার এক গভীর ষড়যন্ত্র।
ড. হামিদ আযাদ অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে একটি কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কায়েম করতে চায়। এর ফলে দেশে আইনের শাসন, সুশাসন এবং গণতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী মব সন্ত্রাস বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু বাস্তবতা আজ সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরছে উল্লেখ করেন ড. হামিদ আযাদ বলেন তার দলের কর্মীরা আজ প্রকাশ্যে, পুলিশের উপস্থিতিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) সহসভাপতি ও দলের মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাড়িতে হামলা চালিয়েছে যা শুধু উদ্বেগজনক নয়, বরং রাষ্ট্রীয় দায়িত্বহীনতার নগ্ন বহিঃপ্রকাশ।
তিনি অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, বাতিলকৃত কমিশনসমূহ পুনর্বহাল এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং রাশেদ প্রধানের বাড়িতে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান।
ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরা সদস্য ও থানা আমীর মিকাঈল ইসলাম, থানা নায়েবে আমীর ঢালী ইউসুফ আহমেদ, থানা সেক্রেটারি কামারুজ্জামান সহকারী সেক্রেটারি শরফ উদ্দিন, থানা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
