খাল খনন কর্মসূচি একটি বিপ্লব, একটি আন্দোলন

লক্ষ্মীপুরে পানিসম্পদমন্ত্রী

খাল খনন কর্মসূচি একটি বিপ্লব, একটি আন্দোলন

ফন্ট সাইজ:

গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে খাল খনন কর্মসূচি না করে নদী-খাল দখল ও ভরাট করে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে বলে মন্তব্য করে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, খুবই সহসা অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। পাশাপাশি খাল খনন কর্মসূচি একটি বিপ্লব, একটি আন্দোলন। এটি অব্যাহত না থাকলে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে। শনিবার সকালে সদর উপজেলার উত্তর জয়পুর এলাকায় খাল কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় খাল খনন কর্মসূচি ছিল একটি বিপ্লব, একটি লড়াই ও আন্দোলন এবং আধুনিক বাংলাদেশ। সে ধারাবাহিকতা বর্তমান সরকার খাল খনন কর্মসূচি অগ্রাধিকারের ভিত্তিতে হাতে নিয়েছে। সে অনুপাতে কাজ করছে সরকার। এর ফলে দেশের মানুষ সুফল ও সুবিধা ভোগ করবে। এতে করে দেশে একটি নতুন জাগরণ তৈরি হয়েছে। এটি ধরে রাখতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ্যানী অভিযোগ করে বলেন, উপকূলের মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ ও লড়াই করে বেঁচে আছে। বিগত সরকারের আমলে খাল-নদী ভরাট ও দখল করার কারণে ২৪ সালের বন্যার পানি দ্রুত নামতে না পারায় দেশের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তাই আগামীতে দেশের মানুষের কষ্টের কথা চিন্তা করে সরকার দেশব্যাপী এই কর্মসূচি গ্রহণ করেছে। খাল খনন না থাকায় ভূগর্ভস্থ দিনদিন নিচে নেমে যাচ্ছে। এতে করে পানির সংকট দেখা দেয়। যদি এইভাবে পানি নিচে নামতে থাকে, তাহলে আগামী ৫০ বছরে উপকূলীয় অঞ্চলের মানুষ বসবাসের অনুপযোগী হয়ে পড়বে আশঙ্কা করা হচ্ছে। এর আগে পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরের বটতলীতে ফোরলেন সড়ক বিভাগের কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উদ জামান, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াই প্রু মারমা। এ ছাড়া, সদর উপজেলা বিআরডিবি’র বার্ষিক সাধারণ সভা, পরে সদর উপজেলার ভবানীগঞ্জের মরা মেঘনা খাল খনন কর্মসূচি ও জেলা পরিষদের সামনে অসহায়দের মাঝে হুইল চেয়ার ও চেক বিতরণ করেন মন্ত্রী।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন