মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবির বলেছেন, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ইভটিজার কাউকেই কোনো ধরনের ছাড় দেয়া হবে না। তারা যেই হোক না কেন, আইনের আওতায় আনতেই হবে। গত শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। জিন্নাহ কবির বলেন, যারা আমাদের তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। তিনি আরও বলেন, মাদক এখন নীরব মহামারি। এটি একটি ব্যক্তি নয়, একটি পরিবার ও জাতির ভবিষ্যতকে ধ্বংস করে। একইভাবে ইভটিজিং কোনো দুষ্টুমি নয়, এটি গুরুতর অপরাধ। এখনই প্রতিরোধ গড়ে না তুললে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টুর সভাপতিত্বে মাদক ও ইভটিজিংবিরোধী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-ঘিওর উপজেলা বিএনপি’র সভাপতি মীর মানিকুজ্জামান, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, বানিয়াজুরী ইউনিয়ন বিএনপি’র সভাপতি এডভোকেট ইউসুফ আলী প্রমুখ। বক্তারা মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, কঠোর আইন প্রয়োগ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
মাদক ব্যবসায়ী ও ইভটিজারদের ছাড় দেয়া হবে না: জিন্নাহ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
১৯ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
