গবেষণা ও প্রশিক্ষণ খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ পেয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কৃষিবিজ্ঞানী অধ্যাপক ড. এম এ রহিম।
জাতীয় উন্নয়নে গবেষণা ও প্রশিক্ষণের গুরুত্ব বিবেচনায় তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে। তিনি বর্তমানে ডিআইইউ’র কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও কৃষিবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড. রহিমের এই অর্জনে ডিআইইউ পরিবার গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড, প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।
ডিআইইউতে শিক্ষকতাকালীন সময়েই তিনি কৃষি গবেষণায় গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারে পরিচালিত গবেষণার মাধ্যমে উদ্ভাবিত চারটি উন্নত ও উচ্চ ফলনশীল কাঁঠালের জাত- ডিআইইউ জ্যাকফ্রুট-১, ২, ৩ ও ৪; সম্প্রতি জাতীয় বীজ বোর্ড ও কৃষি মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। এই উদ্ভাবন দেশের খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশের ফল গবেষণায় ড. এম এ রহিম এক সুপরিচিত নাম। তার গবেষণায় এ পর্যন্ত ১২৮টি ফলের নতুন জাত উদ্ভাবিত হয়েছে, যার মধ্যে জনপ্রিয় ‘বাউ কুল’ বিশেষভাবে উল্লেখযোগ্য। দীর্ঘ গবেষণা জীবনে তিনি প্রধানমন্ত্রীর গোল্ড মেডেল (২০০৪, ২০১২ ও ২০১৩), বঙ্গবন্ধু কৃষি পদক (২০১৪), বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস গোল্ড মেডেল (২০১২) এবং বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার গোল্ড মেডেল (২০১৬)সহ বহু সম্মাননা অর্জন করেছেন। সর্বশেষ ২০২৪ সালে তিনি ‘প্রথম আলো কৃষি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ লাভ করেন।
ড. রহিম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রে পোস্টডক গবেষণাও সম্পন্ন করেছেন। এর আগে দীর্ঘদিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
একাডেমিক জীবনে তিনি ৪০০টির বেশি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেছেন এবং ২০টিরও বেশি গবেষণা প্রকল্প পরিচালনা করেছেন। পাশাপাশি ১০১ জন পিএইচডি ও ৩৫০ জন এমএস শিক্ষার্থীর গবেষণা তত্ত্বাবধান করেছেন। কৃষি বিষয়ে তার ১০টি বইসহ বিভিন্ন প্রকাশনাও রয়েছে।
গবেষণায় অসামান্য অবদান
স্বাধীনতা পুরস্কার ২০২৬ পেলেন ড. এম এ রহিম
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ মাস আগে
১৮ এপ্রিল (শনিবার), ২০২৬, ৫ঃ৩৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
