তাসকিন-রিশাদকে নিয়ে মোহামেডানের ‘মাস্টারস্ট্রোক’, পিছিয়ে নেই আবাহনীও

ডিপিএলে তারকার হাট

তাসকিন-রিশাদকে নিয়ে মোহামেডানের ‘মাস্টারস্ট্রোক’, পিছিয়ে নেই আবাহনীও

ফন্ট সাইজ:

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) দলবদলকে কেন্দ্র করে মিরপুরের ক্রিকেট পাড়ায় এখন উৎসবের আমেজ। আজ শনিবার ও আগামীকাল রবিবার অনুষ্ঠেয় এই দলবদলকে সামনে রেখে পর্দার আড়ালে ক্লাবগুলোর লড়াই তুঙ্গে। তবে দল গোছানোর দৌড়ে এবার সবাইকে টেক্কা দিয়ে অনেকটা এগিয়ে গেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। গত মৌসুমের অর্থনৈতিক মন্দা কাটিয়ে এবার বড় অঙ্কের বাজেট নিয়ে মাঠে নেমেছে ক্লাবগুলো।

মোহামেডান এবার তাদের স্কোয়াড সাজিয়েছে জাতীয় দলের একঝাঁক তারকাদের নিয়ে। ক্লাব সূত্রে জানা গেছে, ওপেনিং মজবুত করতে এনামুল হক বিজয় ও নাঈম শেখের সঙ্গে বড় অঙ্কের চুক্তি সেরেছে তারা। যেহেতু এবারের টুর্নামেন্ট সিঙ্গেল লিগ পদ্ধতিতে হবে, তাই এই দুই ওপেনারকে পুরো মৌসুম পাওয়া যাবে—এটাই মোহামেডানের জন্য বড় স্বস্তি।

জাতীয় দলের পেস আক্রমণের অন্যতম সেরা তাসকিন আহমেদকে ৪০ লাখ এবং লেগ-স্পিনার রিশাদ হোসেনকে ৪২ লাখ টাকায় নিশ্চিত করেছে মোহামেডান। যদিও আন্তর্জাতিক সূচির কারণে তাদের হয়তো মাত্র সাত-আটটি ম্যাচে পাওয়া যাবে। এছাড়া আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেনের মতো তারকারাও এবার সাদা-কালো জার্সি গায়ে জড়াবেন। অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গেও সমঝোতায় পৌঁছেছে ক্লাবটি; তাকে অন্তত চারটি ম্যাচে দেখা যেতে পারে।

মোহামেডান চমক দিলেও হাত গুটিয়ে বসে নেই বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। আকাশী-নীল শিবির তাদের নির্ভরযোগ্য তারকা নাজমুল হোসেন শান্তকে ধরে রেখেছে। পাশাপাশি টপ অর্ডারে সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন এবং পেস বোলিংয়ে খালেদ আহমেদকে দলে ভিড়িয়ে শক্তির ভারসাম্য বজায় রেখেছে তারা।

অন্যদিকে, বেশ কিছু অনিশ্চয়তা কাটিয়ে শেষ মুহূর্তে দল গোছাতে শুরু করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ক্লাবটি জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম, ব্যাটার সাইফ হাসান এবং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে নিশ্চিত করে শিরোপার দৌড়ে নিজেদের উপস্থিত জানান দিয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন