যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারীর
প্রতীকী ছবি

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারীর

ফন্ট সাইজ:

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাছের আড়তের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম আমেনা বেগম (৬৫)। তিনি চাঁদপুর সদরের দেওয়ার বাড়ি এলাকার মৃত এবাদুল্লাহার মেয়ে। বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।

নিহতের নাতি মো. জাবেদ জানান, আড়তের সামনের রাস্তা দিয়ে আমার নানি পায়ে হেঁটে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক যাত্রাবাড়ী থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন