ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। গতকাল ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জুমার নামাজের পর ইস্কাটনের সচিব নিবাস প্রাঙ্গণে জানাজা শেষে গাজীপুর জেলার গাছা এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতারা, সর্বসাধারণ ও পরিবারের সদস্যরা অংশ নেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে গত ১৩ই এপ্রিল মাহবুবুর রহমানকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার শরীরে রক্তের প্লাটিলেট আশঙ্কাজনক হারে কমে গিয়েছিল। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন পরীক্ষায় তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়। শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
মাহবুবুর রহমান ১৩তম বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তিনি দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।
