বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে আগামী জুনে ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গতকাল অফিসিয়াল ওয়েবসাইটে সিরিজের সফরসূচি প্রকাশ করেছে অজি বোর্ড- ক্রিকেট অস্ট্রেলিয়া। আগের সূচি অনুযায়ী ৫, ৮ ও ১১ই জুন হওয়ার কথা ছিল বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর তিন টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল ১৫, ১৮ ও ২০শে জুন। পরিবর্তিত সূচি অনুযায়ী মিরপুর শেরেবাংলায় ৯, ১১ ও ১৪ই জুন হবে তিন ওয়ানডে হবে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ১৭, ১৯ ও ২১শে জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তিন টি-টোয়েন্টি। ২০১১ সালের পর অস্ট্রেলিয়া বাংলাদেশে টেস্ট খেললেও দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেনি। ২০২১ সালে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে দলটি ঢাকায় এলেও সম্প্রচার জটিলতায় সেটি অস্ট্রেলিয়ার দর্শকরা দেখতে পারেননি। তবে এবার ফক্সটেল গ্রুপের সঙ্গে বিসিবির নতুন চুক্তির ফলে অস্ট্রেলিয়ার দর্শকরা সরাসরি টিভিতে খেলা উপভোগ করতে পারবেন। মে মাসের শেষে পাকিস্তানে তিন ওয়ানডে খেলে সরাসরি বাংলাদেশে আসবে অজিরা। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিরিজগুলোকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে তারা। নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, এই সফরের আগে ব্রিসবেনে কন্ডিশনিং ক্যাম্প করবে অস্ট্রেলিয়া। গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নেয়া অস্ট্রেলিয়ার জন্য এই টি-টোয়েন্টি সিরিজটি হবে ঘুরে দাঁড়ানোর মিশন।
আর বাংলাদেশের জন্য সিরিজটি নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ।
অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি:
তারিখ ম্যাচ ভেন্যু সময়
৯ জুন ১ম ওয়ানডে শেরে-বাংলা স্টেডিয়াম দুপুর ২টা
১১ জুন ২য় ওয়ানডে শেরে-বাংলা স্টেডিয়াম দুপুর ২টা
১৪ জুন ৩য় ওয়ানডে শেরে-বাংলা স্টেডিয়াম দুপুর ২টা
১৭ জুন ১ম টি-টোয়েন্টি মতিউর রহমান স্টেডিয়াম সন্ধ্যা ৬টা
১৯ জুন ২য় টি-টোয়েন্টি মতিউর রহমান স্টেডিয়াম সন্ধ্যা ৬টা
২১ জুন ৩য় টি-টোয়েন্টি মতিউর রহমান স্টেডিয়াম দুপুর ২টা
