দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা জোরদারের লক্ষ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে সাংবাদিকদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ইউনিসেফ-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান, এনডিসি। কর্মশালায় দেশের প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এতে হামের বর্তমান পরিস্থিতি, সংক্রমণের ঝুঁকি, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাপতির বক্তব্যে মুহম্মদ হিরুজ্জামান বলেন, দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে বিপুলসংখ্যক শিশু আক্রান্ত হচ্ছে।
গণমাধ্যমকে সঠিক ও দায়িত্বশীল তথ্য প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীন বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই প্রতিরোধযোগ্য রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব। দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের বিশেষ বুস্টার ডোজের আওতায় আনা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক আইভিডি কো-অর্ডিনেটর ড. বিনোদ কুমার বুড়া তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের দ্রুত পদক্ষেপের ফলে হামের প্রাদুর্ভাব অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। ইউনিসেফের প্রোগ্রাম ম্যানেজার ডা. রিয়াদ মাহমুদ বলেন, হামের মতো প্রতিরোধযোগ্য রোগ নিয়ন্ত্রণে সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা এবং গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
