জাতীয় দলে যুক্ত হচ্ছেন আরেক প্রবাসী

জাতীয় দলে যুক্ত হচ্ছেন আরেক প্রবাসী

ফন্ট সাইজ:

পথ দেখিয়েছিলেন জামাল ভূঁইয়া। ডেনমার্ক প্রবাসী এই ফুটবলারের দেখানো পথে এরইমধ্যে হেঁটেছেন তারিক কাজী, কাজেম শাহ, হামজা চৌধুরী, শমিত সোম, ফাহমিদুল ইসলাম, কাজান আহমেদ। এবার এই তালিকায় নতুন নাম হিসেবে যুক্ত হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ট্রেভর ইসলাম। গত ফেব্রুয়ারিতে তার জন্মনিবন্ধন হয়েছে বলে জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। পাসপোর্ট করা সময়ের ব্যাপার বলে জানিয়েছেন বাফুফে’র এই কর্মকর্তা। তবে মাস খানেকের মধ্যে পার্সপোট হাতে পেলেও চলতি বছলে তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ছাত্র ট্রেভর। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের এনসিএএ ডিভিশন-১ লীগে নিয়মিত খেলছেন। ২১ বছর বয়সী এই ফুটবলার সেন্টার ফরোয়ার্ড। তবে প্রয়োজনে খেলতে পারেন লেফট ও রাইট উইঙ্গার হিসেবে। বাংলাদেশ দলের আক্রমণভাগের দুর্বলতা কাটাতে তাই তিনি হতে পারেন অন্যতম ভরসা। এ কারণেই তাকে নিয়ে আশাবাদী বাফুফে। এ নিয়ে বাফুফের সহ-সভাপতি করিম বলেন, ‘গত বছর ১২ই ডিসেম্বর ট্রেভর আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছিল। এরপর থেকে ওর নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ হচ্ছে। গত রাতেও তার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়েছে। আমরা তার সম্মতি নিয়ে গত ডিসেম্বর থেকে তার ডকুমেন্টেশনের কাজ শুরু করি। ১৮ ফেব্রুয়ারি তার জন্মনিবন্ধন এবং যাদের যাদের প্রয়োজন, সকল জন্মনিবন্ধনগুলো আমরা তৈরি করি।’ ট্রেভরের প্রয়োজনীয় নথিপত্র ও পাসপোর্ট তৈরির কাজ চলছে, যা আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হতে পারে। জাতীয় দলের জার্সিতে তাঁর খেলা নিয়ে ফাহাদ করিম বলেন, ‘তার জন্য এই বছর খেলা খুবই কঠিন। পড়াশোনার প্রতি তার যে কমিটমেন্ট এবং এনসিএএ লীগ মানে ডি ওয়ান যেটাকে বলে, সেখানে সে নিয়মিত খেলে। বিশ্ববিদ্যালয় দলের প্রতি তার একটা কমিটমেন্ট আছে। তাই জুন উইন্ডোতে পাব না। সেপ্টেম্বর উইন্ডো বেশ কঠিন। নভেম্বর উইন্ডো নিয়ে একটু আশাবাদী। হয়তোবা নভেম্বরে সে আসতে পারে। তবে আগামী বছর অবশ্যই তাকে পাব।’ বর্তমানে ইউনিভার্সিটি লীগে স্ট্যামফোর্ড মেনস সকার ক্লাবের হয়ে খেলছেন। ২১ ম্যাচে ইতিমধ্যেই করেছেন ২১ গোল, আছে বেশ কিছু অ্যাসিস্টও। একই লীগ থেকে উঠে এসেছেন জায়ান আহমেদও। অভিষেকে স্বল্প সময় সুযোগ পেলেও দেখিয়েছেন নিজের কার্যক্ষমতা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন