হাতিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। গতকাল সকাল ১১টায় ইউনিয়নের নামার বাজারে এ অভিযোগে জরুরি সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দরা। সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. ইব্রাহিম পার্টি জানান, ব্যক্তিগত ও রাজনৈতিক সম্মানহানির উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে প্রণোদিত বলেও তিনি দাবি করেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি সংগঠনের দায়িত্ব পালন করে আসছেন এবং দলের কার্যক্রমকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করছেন। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল তার জনপ্রিয়তায়? ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপপ্রচার ছড়িয়ে দিচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য ইউনিয়ন বিএনপি’র নেতারাও সাবেক সভাপতির প্রতি সমর্থন জানিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান। এ সময় আরও বক্তব্য রাখেন মৎস্য ব্যবসায়ী আবুল খায়ের ও মো. ইলিয়াস। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী, দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন