সরাইলে মহাসড়কে বালুর ব্যবসা, নীরব কর্তৃপক্ষ

সরাইলে মহাসড়কে বালুর ব্যবসা, নীরব কর্তৃপক্ষ

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে দীর্ঘদিন ধরে চলছে বালুর ব্যবসা। বালুর স্তূপ ও নিয়মিত ট্রাক্টরের পার্কিং-এর কারণে মাঝেমধ্যে সরু হচ্ছে সড়ক। ফলে যখন তখন লেগে যাচ্ছে তীব্র যানজট, ঘটছে দুর্ঘটনা। তবে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বাড়িউড়ায় সরাইল-নাসিরনগর সড়কের ৩-৪ জায়গায় বালুর ব্যবসা চললেও নীরব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরজমিন অনুসন্ধান ও স্থানীয়রা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া এলাকায় সড়কের মহাসড়কের উপর স্তূপ আকারে বালু রেখে ব্যবসা করছে একটি চক্র। ফলে দিনরাত ছোটবড় ট্রাকে করে বালু আসছে। ঘণ্টার পর ঘণ্টা সময় লাগিয়ে বালু আনলোড করছেন। এতে করে নিয়মিত সড়কের ওই জায়গায় যানজট লেগে যাচ্ছে। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটছে। দীর্ঘ ২-৩ যুগ ধরে খাঁটিহাতা হাইওয়ে থানা থেকে কয়েক কিলোমিটার দূরে সড়কের উপর এমন বালুর ব্যবসা চললেও সংশ্লিষ্ট কেউ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। একই অবস্থা দীর্ঘদিন ধরে চলছে সরাইল-নাসিরনগর সড়কের ৩-৪ জায়গায়। এই সড়কের সরাইল সদরের জিল্লুকদার পাড়া ব্রিজ সংলগ্ন সড়কের দুইপাশে, সরাইল সরকারি কলেজে প্রবেশের মোড়ে ও কালীকচ্ছ ইউনিয়নের বিজিবি ক্যাম্পের প্রথম গেটের আগের ব্রিজ সংলগ্ন জায়গায় দেদারছে চলছে বালুর ব্যবসা। ওই ব্যবসায়ীরা ইচ্ছামতো সড়কের উপর ট্রাক-ট্রাক্টর রেখে বালু লোড আনলোড করছেন। এতে করে পথচারী ও অন্যান্য যাত্রীবাহী যানবাহনের চলাচলে সমস্যা হলেও তাদের কোনো মাথাব্যথা নেই। এ বিষয়ে কোনো কথা বলেন না স্থানীয় জনপ্রতিনিধিরাও। তবে মহাসড়ক/আঞ্চলিক সড়কের উপর বালুর ব্যবসার কারণে জনদুর্ভোগের বিষয়ে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় একাধিকবার আলোচনা হয়েছে। ব্যবস্থা নেয়ার বিষয়ে সিদ্ধান্তও হয়েছে। কিন্তু বাস্তবে কিছুই হয়নি আদৌ। সরাইলের কুট্টাপাড়া খাঁটিহাতা হাইওয়ে থানায় সদ্য যোগদানকৃত ওসি তাহের উদ্দিন দেওয়ান বলেন, ওদিকে আমার এখনো যাওয়া হয়নি। তবে বিষয়টি দেখবো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন