পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে টাইগারদের রেটিং পয়েন্ট ৭৯। র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ থেকে শুরু হতে যাওয়া সিরিজে ৩-০ ব্যবধানে ‘হোয়াইটওয়াশ’ করতে পারলে বাংলাদেশের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৮৫। আর ২-১ ব্যবধানে সিরিজ জিতলে পয়েন্ট হবে ৮৩। যদিও এই সিরিজ জিতলেও এখনই ৮ নম্বরে ওঠার সুযোগ নেই মিরাজদের, তবে রেটিং পয়েন্ট বাড়িয়ে ইংল্যান্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলার সুযোগ থাকছে।
সিরিজটি যদি বাংলাদেশ ২-১ ব্যবধানে হারে, তবুও রেটিং পয়েন্টে এক যোগ হবে। কিন্তু ঘরের মাঠে যদি ৩-০ ব্যবধানে ধরাশায়ী হয়, তবে উল্টো ১ পয়েন্ট হারাবে বাংলাদেশ। সেক্ষেত্রে পয়েন্ট কমে দাঁড়াবে ৭৮। তবে আশার কথা হলো, হোয়াইটওয়াশ হলেও র্যাঙ্কিংয়ে পেছানোর ঝুঁকি আপাতত নেই। কারণ ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট বর্তমানে ৭৭।
২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে আগামী এক বছরের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে ঢোকা বাধ্যতামূলক।
