ছুটির দিনেও রাজধানীর তেল পাম্পগুলোতে দীর্ঘ লাইন

ছুটির দিনেও রাজধানীর তেল পাম্পগুলোতে দীর্ঘ লাইন

ফন্ট সাইজ:

রাজধানী ঢাকায় তেল পাম্পগুলোতে ছুটির দিনেও তেল সংগ্রহে দীর্ঘ লাইন দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছে রাইডশেয়ার চালক ও চাকরিজীবীরা। শুক্রবার ভোর থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি চোখে পড়ে। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও পণ্যবাহী যান একসঙ্গে পাম্পে ভিড় করায় অনেক স্থানে সড়ক পর্যন্ত লাইন বিস্তৃত হয়, ফলে সৃষ্টি হয় তীব্র যানজটের। বিজয় স্বরণী ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটে তালুকদার ফিলিং স্টেশনসহ কয়েকটি পাম্পে ঘুরে দেখা গেছে এমন চিত্র। এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত দশটার পর থেকে নীলক্ষেত এলাকায় পেট্রলপাম্পগুলোতে বাইক ও ব্যক্তিগত গাড়ির লাইন দেখা গেছে। অনেকেই আজ সকালে অন্তত কিছু তেল পান সে চিন্তায় কাল রাত থেকেই লাইনে ছিলেন। 

 রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পাম্পগুলোর সামনে কয়েক কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি দেখা গেছে । অনেক চালক ভোর ৫টা থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন, তবুও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না। এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, জ্বালানি পাওয়ার অনিশ্চয়তার কারণে তারা বাধ্য হয়ে আগেভাগেই লাইনে দাঁড়াচ্ছেন। কেউ কেউ জানান, দিনের গুরুত্বপূর্ণ কাজ ফেলে শুধু তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনে বড় ধরনের প্রভাব ফেলছে।
তালুকদার ফিলিং স্টেশনে লাইনে দাঁড়ানো তৌসিফ হাসান নামে এক চাকরিজীবী বলেন, সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে আছি। প্রথম ১৫০ জনের মধ্যে থাকায় আশা রাখছি তেল শেষ হওয়ার আগেই পাবো।

ট্রাস্ট ফিলিং স্টেশনের লাইনে দাঁড়ানো গালিব হোসেন বলেন, অনেকগুলো পাম্পে ঘুরলাম সব জায়গায় দীর্ঘ লাইন। ছুটির দিনে যেখানে পরিবারকে সময় দেবো। সেখানে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি।

পাম্প সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা চাপে পড়েছে। এর প্রভাব দেশীয় বাজারেও পড়েছে, ফলে ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত সরবরাহ বজায় রাখা কঠিন হয়ে উঠেছে।
এদিকে, পাম্পের সামনে দীর্ঘ লাইনের কারণে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, যা নগরবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত করছে।

Nadim Ahammed

১ মাস আগে

দুই হাতি যখন যুদ্ধ করে, তখনই শুধু নিচের ঘাস পিষ্ট হয় না, দুই হাতি যখন পরস্পর আদর করে তখনও একই ঘটনা ঘটে।

মন্তব্য করুন