টাইম ম্যাগাজিনে প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী, সংসদে ধন্যবাদ

ফন্ট সাইজ:

টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হওয়ায় জাতীয় সংসদে তাকে ধন্যবাদ জানানো হয়েছে। টাইম ম্যাগাজিনে প্রধানমন্ত্রীর নাম থাকায় তিনি শুধু সম্মানিত হননি, তিনি জাতিকেও সম্মানিত করেছেন বলে অধিবেশনে জানানো হয়। গতকাল জাতীয় সংসদের অধিবেশন চলাকালে চিফ হুইপ মো. নুরুল ইসলাম প্রসঙ্গটি উত্থাপন করে সংসদকে অবহিত করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।
চিফ হুইপ বলেন, টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে আমাদের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের নাম রয়েছে এবং তিনি সম্মানিত হয়েছেন। তিনি সম্মানিত মানে দেশকে সম্মানিত করা, তিনি এই জাতিকে সম্মানিত করেছেন। সংসদের তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, সংসদ নেতা ১৭ বছর নির্বাসিত ছিলেন।

পরে দেশে এসে মানুষের মধ্যে আশা জাগিয়েছেন। অনুপ্রাণিত হয়ে সারা দেশের মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করে এই সংসদে পাঠিয়েছেন। তার কাছে এই দেশের মানুষের অনেক প্রত্যাশা। আঙুলের কালি মোছার আগেই তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন এবং এর মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম। তিনি কৃষক কার্ডের উদ্বোধন করেছেন এই পহেলা বৈশাখে। এটা একটা বিপ্লব এবং যুগান্তকারী ঘটনা। তিনি আমাদের ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য ভাতা চালু করেছেন। বিভিন্ন ধর্মের পুরোহিতদের জন্য তিনি সম্মানীর ব্যবস্থা করেছেন। ১০ হাজার টাকা কৃষি ঋণের সুদ মওকুফ করেছেন।

চিফ হুইপ বলেন, বাংলাদেশের মানুষ তাকে স্বীকৃতি দিয়ে সংসদে পাঠিয়েছেন। বিশ্ব তাকে স্বীকৃতি দিয়ে আজকে টাইম ম্যাগাজিনে স্থান করে দিয়েছে।’

সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা কবিতা পড়লেন চিফ হুইপ: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম (মনি)। টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের মধ্যে প্রধানমন্ত্রীর নাম আসায় তাকে সংসদের পক্ষ থেকে তিনি অভিনন্দন জানান। এ সময় সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে চিফ হুইপের বক্তব্য সমর্থন করে উচ্ছ্বাস প্রকাশ করেন। এরপর চিফ হুইপ একটি কবিতা পাঠ করেন। তবে কবিতাটি কার লেখা, তা তিনি উল্লেখ করেননি।

সংসদে চিফ হুইপের আবৃত্তি করা কবিতাটি হলো: ‘তিনি আসার আগে দেশটা যেন ভাঁজ করা মানচিত্র ছিল,
নদী ছিল, মানুষ ছিল, স্বপ্নও ছিল
কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না।
তিনি এলেন, বললেন, খুবই কম কথা, সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ

বললেন, উই হ্যাভ অ্যা প্ল্যান
তার দৃঢ়তা ছিল পাহাড়ের মতো
কিন্তু হৃদয় শিশিরভেজা ঘাসের মতো
বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েননি, নিজের আলোয় দাঁড়িয়েছিলেন, দরজাগুলো নিজেই খুলে গেছে
এখন দূরদেশের আকাশেও আমাদের পতাকার রঙ দেখা যায়, বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নাম
এই দেশের নাম, বাংলাদেশের নাম

নেতৃত্ব মানে শুধু সামনে হাঁটা নয়, নেতৃত্ব মানে অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা
আশা জাগিয়ে তোলা।’
চিফ হুইপের কবিতা আবৃত্তির পর ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, এই অর্জন আমাদের গোটা জাতি তথা দেশের অর্জন।
এরআগে গত ১২ই মার্চ ত্রয়োদশ সংসদ শুরুর প্রথম দিনেই সংসদের বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রখ্যাত কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করেছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন