মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

ফন্ট সাইজ:

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের গিয়াস হাওলাদার (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা গিয়াস হাওলাদারের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। তিনি শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা গ্রামের মৃত ওহাব হাওলাদারের ছেলে। পাঁচ ভাই, দুই বোনের মধ্যে গিয়াস হাওলাদার সবার ছোট। বুধবার বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে কুয়ালালামপুর শহরে এ দুর্ঘটনা ঘটে। পরদিন তার মৃত্যুর খবর পায় পরিবার। জানা গেছে, গিয়াস হাওলাদার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন।

পথিমধ্যে কুয়ালালামপুর শহরে পেছন থেকে একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্র জানায়, গিয়াস হাওলাদার জীবিকার তাগিদে গত ১০ বছর আগে মালয়েশিয়ায় যান। সেখানে তিনি একটি বস্ত্র কারখানাও গড়েছেন। মাঝে মাঝে তিনি দেশে আসতেন। আগামী মাসে তিনি দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন এবং আসার জন্য বিমানের টিকিটও ক্রয় করেছিলেন। দেশে ফিরে পারিবারিকভাবে তার বিয়ের কথাবার্তা চূড়ান্ত হওয়ার কথা ছিল। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে দিয়ে হঠাৎই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, পরিবারের পক্ষে যদি সহযোগিতা চাওয়া হয় তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন