৪ ওভারে ০ রানে ৬ উইকেট

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট

৪ ওভারে ০ রানে ৬ উইকেট

ফন্ট সাইজ:

ক’দিন আগেই খাগড়াছড়ির মাহিন হকের ৬ ওভারে কোনো রান না দিয়ে ৫ উইকেট নেওয়ার কীর্তি ক্রিকেট অঙ্গনে সাড়া ফেলেছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার মাহিনকেও ছাড়িয়ে গেলেন বরগুনার খুদে পেসার রাফিন আহমেদ। ৪ ওভারের সবক’টিই মেডেন, আর উইকেট সংখ্যা ৬! গতকাল বরগুনা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে কেওড়াবুনিয়া হাইস্কুলের বিপক্ষে এই কীর্তি গড়েন বরগুনা জেলা স্কুলের বাঁহাতি এই পেসার। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের এই পেসারের সামনে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষের ব্যাটাররা। ইনিংসের শুরু থেকেই আগুনের গোলা ছুড়তে থাকেন রাফিন। একে একে তুলে নেন ৬ উইকেট। তার করা ২৪টি বলের একটি থেকেও কোনো রান নিতে পারেনি কেওড়াবুনিয়া হাইস্কুলের ব্যাটাররা।

রাফিনের তোপে পড়ে মাত্র ৩২ রানেই গুটিয়ে যায় কেওড়াবুনিয়া হাইস্কুল। তাদের স্কোরবোর্ডের অবস্থা ছিল অনেকটা টেলিফোন নম্বরের মতো-০, ১, ২, ০, ০, ৩, ০, ১, ৭, ০, ০! দলের ৩২ রানের মধ্যে ১৮ রানই এসেছে অতিরিক্ত (ওয়াইড ও নো) থেকে। অর্থাৎ ১১ জন ব্যাটার মিলে ব্যাট হাতে রান করেছেন মাত্র ১৪! মাত্র ৩৩ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় বরগুনা জেলা স্কুল। ওপেনার সিয়াম মোল্লা ১০ ও ফারহান ১৩ রানে অপরাজিত থেকে মাত্র ২ ওভারেই খেলা শেষ করে দেন। জয়ের জন্য প্রয়োজনীয় ৩৩ রানের মধ্যে ১২ রানই আসে ওয়াইড থেকে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন