সিরাজগঞ্জে চাচার দায়ের কোপে প্রাণ গেল ভাতিজার

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের শাহজাদপুরে চাচার দায়ের কোপে মাহতাব হোসেন হৃদয় (৫) নামে এক ভাতিজার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত আপন চাচা হামেদ আলী ও পেশকার পলাতক রয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহতাব হোসেন হৃদয় ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, মৃত হাতেম সরদারের ছেলে হামেদ আলী বাড়িতে টয়লেট নির্মাণ করছিল। এ সময় ফারুক হোসেনের গোয়ালঘর ঘেঁষে মাটি ফেলা নিয়ে প্রথমে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এরপর হামেদ আলীর ডাকে সাড়া দিয়ে আরেক ভাই পেশকার গৃহস্থালি কাজে ব্যবহৃত দা ও লাঠিসোটা নিয়ে ফারুক হোসেনকে কোপানোর জন্য এগিয়ে আসে। পরে ফারুক হোসেন পালানোর সময় তার কোলে থাকা পাঁচ বছরের শিশু হৃদয় মাটি পড়ে যায়। এতে ফারুক হোসেন দৌড়ে নিজের জীবন বাঁচাতে পারলেও তার শিশু ছেলে হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করে তারই আপন ভাই হামেদ ও পেশকার। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনে ঘটনাস্থলে গিয়েছিলাম। আমরা শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। সেইসঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন