বান্দরবানের লামা পর্যটন এলাকা মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (২১) নামে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর ১টায় লামা উপজেলার মাতামুহুরী নদীর মিনঝিরি সাদা পাহাড় এলাকায় গোসল করতে গিয়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। নিখোঁজ পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁকখালী কদল ভূঁইয়া বাড়ি এলাকার মো. সাইফুল্লাহর ছেলে এবং রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। এ প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান পাননি তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ডুবুরি দলের উদ্ধার তৎপরতা চলছে।
ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।
