চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে মাদকের বিষাক্ত জাল। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও জনবহুল এলাকায় প্রকাশ্যেই চলছে মাদক বেচাকেনা। ফলে ধ্বংসের পথে যুব সমাজ। স্থানীয় সূত্রে জানা গেছে- ভাটিয়ারী, বার আউলিয়া, মুরাদপুর, কুমিরা, সীতাকুণ্ড পৌরসভার, বাড়বকুণ্ডের তেলিপাড়াসহ অন্তত ১৫০টি স্পটে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও দেশীয় মদের অবাধ সরবরাহ চলছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এসব এলাকায় বেপরোয়া হয়ে ওঠে মাদক কারবারিরা। অভিযোগ রয়েছে- একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে। তাদের প্রভাবে নতুন করে জড়িয়ে পড়ছে কিশোর ও তরুণরা। অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নির্বিঘ্নে চালানো হচ্ছে এসব অবৈধ কার্যক্রম।
এ পরিস্থিতিতে চরম উদ্বেগে রয়েছেন অভিভাবকরা। একাধিক অভিভাবক জানান, সরকার পরিবর্তন হলেও মাদক ব্যবসায়ীদের দৃশ্যমান বিচার না হওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে। সচেতন মহলের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। নিয়মিত অভিযান, কঠোর নজরদারি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সংকট মোকাবিলা জরুরি। সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম মানবজমিনকে বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমি যোগদানের পর অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সীতাকুণ্ডে মাদকের লাগামহীন বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ নয়- এটি একটি আসন্ন সামাজিক বিপর্যয়ের ইঙ্গিত। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
