চাঁদা না দেয়ায় চরফ্যাশনে ইজারাদারের ছেলেকে পিটিয়ে জখম

চাঁদা না দেয়ায় চরফ্যাশনে ইজারাদারের ছেলেকে পিটিয়ে জখম

ফন্ট সাইজ:

চরফ্যাশনে ইউনিয়ন যুবদল নেতাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় আন্তঃউপজেলা ফেরিঘাট ইজারাদার আবদুল গনি সিকদারের ছেলের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত বেলায়েত সিকদার (৩৫)কে চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইজারাদার আবদুল গনি সিকদার বাদী হয়ে যুবদল নেতা আল আমিন সিকদারসহ ৬ জনকে বিবাদী করে বৃহস্পতিবার চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। গত মঙ্গলবার দুপুরে মাদ্রাজের সামরাজ স্লুইস ঘাটে এ হামলার ঘটনা ঘটে।
ইজারাদার আবদুল গনি সিকদার জানান, দীর্ঘদিন ধরে তিনি আন্তঃউপজেলা ফেরিঘাট ইজারা নিয়ে ট্রলারের মাধ্যমে মনপুরা উপজেলার চরনিজাম-কালকিনি থেকে চরফ্যাশন উপজেলার মাদ্রাজের সামরাজ স্লুইস ঘাট পর্যন্ত যাত্রী পরিবহন সেবা দিয়ে আসছেন। এ বছরও সরকারি রাজস্ব পরিশোধ করে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে তিনি ঘাটটি ইজারা পেয়েছেন। মঙ্গলবার ইজারাদার গনি সিকদারের ছেলে চালক বেলায়েত সিকদার মনপুরা উপজেলার চরনিজাম- কালকিনি থেকে যাত্রী নিয়ে চরফ্যাশন উপজেলার মাদ্রাজের সামরাজ স্লুইস ঘাটে পৌঁছলে দুপুরে স্থানীয় যুবদল নেতা আল আমিন সিকদারের নেতৃত্বে ফারুক খলিফা, জাকির হোসেন মিয়াজী, সফিক গোলদার সহ অন্য বিবাদীরা ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। বেলায়েত সিকদার বৈধভাবে ঘাট ইজারা পেয়েছেন জানিয়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানাতেই তারা বেলায়েত সিকদারের ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করেন।
এ ব্যাপারে অভিযুক্ত যুবদল নেতা আল আমিন সিকদারের মুঠোফোনে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। আরেক অভিযুক্ত যুবদল নেতা জাকির হোসেন জানান, আমাদের পক্ষ এবং অভিযোগকারী আব্দুল গনি শিকদারের পক্ষ বিগত বছরগুলোতে যৌথভাবে ইজারা নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। এই বছরও যৌথভাবে এর ইজারা নেয়ার কথা ছিল। বিষয়টি চরফ্যাশন উপজেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দেরও এরকম সিদ্ধান্ত ও নির্দেশনা ছিল। তবে আব্দুল গনি শিকদার তাদের এ সিদ্ধান্ত অমান্য করে আমাদেরকে বাদ দিয়ে নিজেরা মনগড়াভাবে নিয়ে নতুন বছরে ব্যবসার কার্যক্রম শুরু করতে চেষ্টা করে। এই ঘটনায় দুই পক্ষের মধ্যে মনোমালিন্য হয়। আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে আমাদের পক্ষের অন্য লোকদের সঙ্গে অভিযোগকারী আব্দুল গনি শিকদারের পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়েছে। চাঁদাবাজির ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই ঘটনায় চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ খলিলুর রহমান জানান, এমন কোনো ঘটনা আমার জানা নেই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন