আওয়ামী লীগের পতনের দীর্ঘ দেড় বছর পলাতক থাকার পর আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে কারাগারে যেতে হলো মানিকগঞ্জ পৌরসভার আলোচিত সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলীকে। দুদকের মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে জেলে পাঠিয়েছেন। বৃহস্পতিবার মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসকেএম তোফায়েল হাসান রমজান আলীর জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মো. রমজান আলীর বিরুদ্ধে তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এরমধ্যে একটি মামলা উচ্চ আদালতে স্থগিত রয়েছে। অপর দু’টি মামলা আদালতে চলমান থাকলেও নানা কারণে তিনি অনুপস্থিত থাকায় গত ১লা ফেব্রয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরবর্তীতে দু’টি মামলায় রমজান আলী বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, ১৯৯৮ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মানিকগঞ্জ পৌর সুপার মার্কেটের দক্ষিণের জায়গা ভরাটের কাজ দেয়া হয় মেসার্স মহুয়া কনস্ট্রাকশনের মালিক জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মট্টুকে। মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতিরেকে পৌর মেয়র রমজান আলী একই কাজ বারবার বর্ধিত করেন। ঠিকাদারের সঙ্গে যোগসাজশে ১৯৯৯ সালে পৌরসভার তহবিল থেকে ৪ লাখ ২২ হাজার ৭৮০ টাকা ও আত্মসাৎ করেন। অন্যদিকে, ১৯৯৮ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত মানিকগঞ্জ কাঁচাবাজারের দক্ষিণ পাশের খাদ ভরাটের কাজও দেয়া হয় আমিরুল ইসলাম মট্টুকে। পৌরসভার দায়িত্বশীল কর্মকর্তাদের বাধা দেয়া সত্ত্বেও মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতিরেকে পৌর মেয়র রমজান আলী একই কাজ বারবার বর্ধিত করে ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে তিন লাখ ২৫ হাজার ৩৩০ টাকা আত্মসাৎ করেন। ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে পৌর মেয়র মো. রমজান আলী ও আমিরুল ইসলাম মট্টুকে আসামি করে ২০০৭ সালের ৩রা মে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন।
আরেকটি মামলায় রমজান আলী ও তৎকালীন পৌর সভার ৬ নম্বর ওয়ার্ডের কমিশনার হামিদুর রশিদ কাজলের যোগসাজশে ২০০৪ সালে মানিকগঞ্জ পৌরসভার জিপ মেরামতের নামে দু’টি চেকের মাধ্যমে এক লাখ টাকা অগ্রিম তুলে তা আত্মসাৎ করেন। এরপর ২০০৬ সালে হামিদুর রশিদ কাজল জিপ মেরামতের জন্য দু’টি চেকের মাধ্যমে আরও এক লাখ টাকা অগ্রিম তুলে তা আত্মসাৎ করেন। পরে তাদের বিরুদ্ধে ২০০৭ সালের ৩০শে এপ্রিল তৎকালীন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র রমজান আলী
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
১৭ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
