হবিগঞ্জের বানিয়াচংয়ে যোগাযোগ অবকাঠামোয় এক নতুন মাইলফলক উন্মোচিত হলো। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে উপজেলার সুজাতপুর ইউনিয়নের সিংগাইর নদীর উপর ১০ কোটি ৯৩ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৯০ মিটার দীর্ঘ একটি দৃষ্টিনন্দন সেতুর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে এই আধুনিক সেতুর উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। উদ্বোধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. জীবন বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দর্শনের মূল লক্ষ্য হলো প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক সুযোগ-সুবিধা পৌঁছে দেয়া। সুজাতপুর ইউনিয়নের এই ৯০ মিটার দীর্ঘ সেতুটি শুধু যাতায়াত সহজ করবে না, বরং অত্র এলাকার কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে এক বৈপ্লবিক গতির সঞ্চার করবে। জনগণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে আগামীতে বানিয়াচং ও আজমিরীগঞ্জে আরও বড় ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে ইনশাআল্লাহ্। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. সোহেল হোসাইন। এলজিইডি বানিয়াচং কার্যালয়ের নিবিড় তদারকিতে অত্যন্ত মানসম্মত ও টেকসইভাবে এই সেতুটি নির্মাণ করা হয়েছে। এতে করে সুজাতপুরসহ আশপাশের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটলো। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন- স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দীর্ঘ প্রতীক্ষিত এই সেতুটি চালু হওয়ায় স্থানীয় কৃষিপণ্য পরিবহনে খরচ ও সময় উভয়ই উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
বানিয়াচংয়ে জীবনের হাত ধরে উন্নয়নের নতুন দিগন্ত
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
১৭ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
