নিরাপদ প্রসব, মাতৃ-শিশুস্বাস্থ্য ও প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সেবামূলক প্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর-রুকনপুর গ্রামে মনোরম পরিবেশে আত্ব-তাকওয়া মেটারনিটি ক্লিনিকের দু’তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। এটি চালু হলে স্থানীয় প্রসূতি নারী ও নবজাতকদের জন্য সাশ্রয়ী ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে। জানা গেছে, প্রবাসীদের সংগঠন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে এই মেটারনিটি ক্লিনিক নির্মাণের পর পর্যায়ক্রমে এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং নার্সিং হোম স্থাপনের পরিকল্পনা রয়েছে। আত্ব-তাকওয়া প্রকল্পের আওতায় এসব প্রতিষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে প্রায় ১৫০ শতাংশ (দেড় একর) ভূমি ক্রয়সহ প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে মাটি ভরাট করে উন্নয়ন ও প্রস্তুত করা হয়েছে। মেটারনিটি ক্লিনিকসহ অন্য এসব প্রকল্প বাস্তবায়নে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ কোটি টাকা। ক্রমান্বয়ে প্রকল্পগুলো পরিধি বাস্তবায়নের মাধ্যমে প্রত্যক্ষ-পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষ উপকৃত হবেন বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান, রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের প্রধান উপদেষ্টা, বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের কৃতী সন্তান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, এই মেটারনিটি ক্লিনিক শুধু একটি স্থাপনা নয়, এটি একটি গ্রামীণ জনগোষ্ঠীর জন্য আলোর বাতিঘর। গ্রামের অবহেলিত প্রসূতি মা ও নবজাতকের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে এমন উদ্যোগ সময়োপযোগী ও অত্যন্ত জরুরি। প্রবাসীদের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর জন্য ঘরের কাছেই সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব। কেননা, দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো মানসম্মত স্বাস্থ্যসেবা অনেকটাই অনুপস্থিত। ফলে দরিদ্র মানুষ সামান্য চিকিৎসার জন্যও দূর-দূরান্তে ছুটতে বাধ্য হয়। এ অবস্থায় প্রবাসীদের এ উদ্যোগ শুধু প্রশংসনীয়ই নয়, বরং অনুকরণীয়ও। রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান আলী আহমদ নেছাউর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আত্ব-তাকওয়া’ প্রকল্পের আওতায় ভবিষ্যতে একটি এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি আধুনিক নার্সিং হোম প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। আত্ব-তাকওয়া প্রজেক্টের সেক্রেটারি, যুক্তরাজ্যস্থ করবী বারাহ্ কাউন্সিলের সাবেক মেয়র মুজিবুর রহমান আছকির বলেন, গ্রামবাংলার প্রান্তিক মানুষের জন্য প্রবাসীদের এ ধরনের অবদান প্রমাণ করে তারা শুধু দেশের অর্থনীতির চালিকাশক্তিই নন, বরং মানবিক দায়িত্ববোধ থেকে সমাজ উন্নয়নেও অগ্রণী ভূমিকা পালন করেন। এদিকে, ১২ই এপ্রিল বিকালে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে এক বর্ণাঢ্য ও আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে মানবিক এ প্রকল্পের আনুষ্ঠানিক নির্মাণ কাজ শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউএনও মেহেদি হাসান, ওসি মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে মুজিবুর রহমান, নাজমুল আলম, এসটিএম ফখর উদ্দিন, প্রকল্পের উপদেষ্টা ছহুল এ মুনিম, আব্দুল হক আবু, ফাউন্ডার এখলাছুর রহমান লায়েক, প্রতিষ্ঠাতা ট্রাস্টি ছানাওর আহমদ সিতাবসহ অন্যরা।
বালাগঞ্জে প্রবাসীদের উদ্যোগ
১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৫টি সেবামূলক প্রতিষ্ঠান
মো. আব্দুস শহিদ, বালাগঞ্জ (সিলেট) থেকে
১৭ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
