পঞ্চগড় পরিবার পরিকল্পনা বিভাগে অচলাবস্থা

ফন্ট সাইজ:

অচলাবস্থার মধ্য দিয়ে চলছে পঞ্চগড় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম। বছরের পর বছর ধরে জনগুরুত্বপূর্ণ এ বিভাগটির শূন্য পদগুলোতে জনবল নিয়োগ না দেয়া সহ বিভিন্ন সময় কর্মরতরা অবসরে যাওয়ার জন্য এ অচলাবস্থা দেখা দিয়েছে। জনবল সংকটের কারণে যারা কর্মরত রয়েছেন তাদেরকে দ্বিগুণ তিনগুণ দায়িত্ব পালন করতে হচ্ছে। বিশেষ করে সন্তান ডেলিভারি ও গর্ভবতী মায়েদের নানান সমস্যা দেখার দায়িত্বে থাকা পরিবার কল্যাণ পরিদর্শিকাদের দিনরাত কাজ করতে হচ্ছে। এতে তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। পঞ্চগড় সদর ও বোদায় দু’টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে। পঞ্চগড় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে (মাতৃসদন) প্রতিমাসে গড়ে শতাধিক সন্তান ডেলিভারি হয়। এছাড়া প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন গর্ভবতী নারী বিভিন্ন সমস্যা নিয়ে মাতৃসদনে আসে। কিন্তু এ মাতৃসদনে মাত্র ৩ জন পরিবার কল্যাণ পরিদর্শিকা দায়িত্ব পালন করছেন। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নেই সুইপার। পরিচ্ছন্নতা কর্মীরও অভাব রয়েছে। একই অবস্থা বিরাজ করছে বোদা মাতৃসদনেও। এছাড়া দীর্ঘদিন থেকে মাঠপর্যায়ে জনবল এবং স্বল্প, দীর্ঘমেয়াদি ও স্থায়ী জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ নেই। এতে ৩৮টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ১৭টি মান উন্নীত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ১০টি উপস্বাস্থ্য কেন্দ্র, ৯টি আরডি, ১০৯টি কমিউটিটি ক্লিনিক ও ২৩৪টি স্যাটেলাইট ক্লিনিকে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে, বর্তমানে পঞ্চগড় জেলায় সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা), উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জন, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৩ জন, মেডিকেল অফিসার (এমসিএইচ) ৫ জন, মেডিকেল অফিসার (ক্লিনিক) ১ জন, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা (এমসিএইচ) ৪ জন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ৭ জন, ফার্মাসিস্ট ৬ জন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ২ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৩ জন, পরিবার কল্যাণ পরিদর্শিকা ৩২ জন, পরিবার কল্যাণ সহকারী ৬৭ জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ২ জন, অফিস সহায়ক ৯ জন, ড্রাইভার ৩ জন, নিরাপত্তাপ্রহরী ১১ জন, আয়া ১৫ জন, পরিচ্ছন্নতাকর্মী ৩ জন সহ বিভিন্ন পদের ১৯৩টি পদ শূন্য রয়েছে। এদিকে, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়টি নিয়ে রয়েছে অসন্তোষ। নামপ্রকাশে অনিচ্ছুক পঞ্চগড় মাতৃসদনের এক পরিবার কল্যাণ পরিদর্শিকা বলেন, নিয়ম অনুযায়ী আমাদের ৮ ঘণ্টা দায়িত্ব পালনের কথা। কিন্তু জনবল সংকটের জন্য আমাদেরকে ২৪ ঘণ্টায় ১৪ থেকে ১৮ ঘণ্টা দায়িত্ব পালন করতে হচ্ছে। নিরাপত্তাপ্রহরী না থাকায় আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। রাতের বেলা মাদক সেবীদের উৎপাতের কারণে আমরা মাতৃসদনের মূল দরজায় তালা মেরে কাজ করি। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা আরও খারাপ।
এ বিষয়ে পঞ্চগড় পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মো. মোদাব্বের হোসেন বলেন, দীর্ঘদিন থেকে জনবল সংকটের কারণে সার্বিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নানা জটিলতা ও সমস্যা হওয়ার পাশাপাশি ওষুধ, ইনজেকশন সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহের অভাবে জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তিনি বলেন, পরিবার কল্যাণ পরিদর্শিকারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কিন্তু ৩২টি পদ শূন্য থাকায় তাদেরকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন