গত ৩ সপ্তাহ ধরে মজুরি (তলব) প্রদান না করায় মৌলভীবাজার কমলগঞ্জের দেওরাছড়া চা বাগানে আন্দোলন করছেন বাগানের সাধারণ শ্রমিকরা।
গতকাল বাগানের শ্রমিকরা পাওনা মজুরির দাবিতে প্রধান ফটকের সামনে অবস্থান করেন। সকালে বাগানের সকল কাজে বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালনের একপর্যায়ে দুপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা অফিস গেটে তালা দেন। এনিয়ে বাগানে উত্তেজনা দেখা দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত চা শ্রমিকরা অফিসের সামনে অবস্থান করে বিক্ষোভ করছিলেন।
চা শ্রমিকরা জানান, সম্প্রতি এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় আন্দোলন করেন বাগান শ্রমিকরা। এর জেরে বাগান ম্যানেজমেন্ট গত ৩ সপ্তাহ ধরে তাদের মজুরি (তলব) প্রদান করছে না। এতে করে বিপাকে পড়েছেন কয়েক শতাধিক চা শ্রমিক পরিবার। চা শ্রমিকরা মজুরি প্রদানের দাবি জানালেও বাগান কর্তৃপক্ষ নিশ্চুপ রয়েছে। এনিয়ে গত ১২ই এপ্রিল শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক বরাবর একটি লিখিত আবেদন জানায় দেওরাছড়া চা বাগান পাঞ্চায়েত কমিটি। কিন্তু ৪-৫ দিন অতিবাহিত হলেও কোনো পদক্ষেপ না নেয়ায় বৃহস্পতিবার সকালে বিক্ষুদ্ধ শ্রমিকরা বাগানের অফিসের সামনে অবস্থান নেয়। একপযার্য়ে অফিসের মূল ফটকে তালা লাগিয়ে দেয় আন্দোলনরত শ্রমিকরা। দেওরাছড়া চা বাগানের পাঞ্চায়েত কমিটির সভাপতি সুবোধ কর্মী জানান, ৩ সপ্তাহ ধরে তলব বন্ধ।
কয়েক শতাধিক চা শ্রমিক পরিবার কষ্টে দিন কাটাচ্ছে। আমরা লিখিত আবেদন করেছে মজুরি দিতে তারপরও দেয়া হয়নি। তাই বাধ্য হয়েই চা শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। বর্তমানে চা বাগান কাজ বন্ধ রেখেছে চা শ্রমিকরা। রহিমপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার দেওড়াছড়া চা বাগানের শ্রমিক আন্দোলনের কথা স্বীকার করে বলেন, বর্তমানে অফিস তালা দিয়েছে বিক্ষুদ্ধ চা শ্রমিকরা। কিছুদিন পূর্ব এক চা শ্রমিকের মৃত্যুর ঘটনার জের ধরে বাগান ম্যানেজমেন্ট ৩ সপ্তাহ ধরে তলব বন্ধ রেখেছে। এ ব্যাপারে দেওয়াছড়া চা বাগান ব্যবস্থাপক জহিরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
