কুমিল্লার বুড়িচংয়ে একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে গাছ উপড়ে পড়ে ৩ শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া মাধ্যমিক বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে স্কুলে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে প্রতিষ্ঠানের সামনে থাকা একটি বড় গাছ হঠাৎ উপড়ে পড়ে।
এ সময় গাছের নিচে থাকা তিন শিক্ষার্থী আহত হয়। আহতরা হলো- দশম শ্রেণির শিক্ষার্থী সায়মন, নবম শ্রেণির আবু সাইম এবং ষষ্ঠ শ্রেণির আব্দুল্লাহ। আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত। পাঁচোড়া মাধ্যমিক বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক গাজী মনির বলেন, আমি নিজেও অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। হঠাৎ একটি বড় গাছ উপড়ে পড়ে তিনজন ছাত্র আহত হয়। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শতাধিক শিক্ষার্থী। এদিকে, ঘটনার বিষয়ে বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
