স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দিলো স্বামী

ফন্ট সাইজ:

নেত্রকোণার মদনে মারুফা আক্তার (২৭) নামে এক নারীর হাত-পায়ের রগ কেটে দিয়েছে স্বামী আরিফুল ইসলাম। বৃহস্পতিবার সকালে মদন পৌর শহরের বাড়িভাদেরা রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, মারুফা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত আছেন। আরিফুলের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এবং মারুফার বাড়ি নেত্রকোণা সদর উপজেলার মদনপুর এলাকায়। প্রায় ১০ বছর পূর্বে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়। তাদের ৭ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। প্রায় ছয় মাস পূর্বে মারুফা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে যোগদান করেন।

যোগদানের পর থেকেই তিনি পৌর শহরের বাড়িভাদেরা রোডের একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করছেন। তবে পারিবারিক কলহের জেরে প্রায়ই তাদের ঝগড়া-বিবাদ হতো বলে জানিয়েছেন প্রতিবেশীরা। বৃহস্পতিবার সকালে ঝগড়ার জেরে একপর্যায়ে আরিফুল উত্তেজিত হয়ে স্ত্রীর হাত ও পায়ের রগ কেটে দেয়। পরে প্রতিবেশীরা ছুটে এসে মারুফাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক স্বামী জানান, কলেজ জীবন থেকে শুরু করে স্ত্রীকে লেখাপড়ায় সহায়তা করেছি। স্ত্রীর অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জানান। মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান জানান, মারুফাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। মদন থানার ওসি হাসনাত জামান জানান, অভিযুক্ত স্বামীকে থানা হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন